হাইকোর্টে এরশাদের আরেকটি দুর্নীতি মামলার শুনানি হঠাৎ শুরু
জাপানি বোট ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার শুনানি চলার পাশাপাশি বুধবার সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আরেকটি দুর্নীতি মামলার আপিলের শুনানি শুরু হয়েছে।
জাপানি বোট মামলার আপিলের শুনানি মুলতবি করার জন্য এরশাদের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। বৃহস্পতিবারও এ মামলার শুনানি হবে ।
এরশাদের বাসভবন থেকে প্রায় দুই কোটি টাকা ও স্বর্ণালংকার উদ্ধার সংক্রান্ত দুর্নীতি মামলার আপিলের শুনানি বুধবার হাইকোর্টের আরেকটি বেঞ্চে শুরু হয়েছে। আপিলটির পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার।
বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর হাইকোর্ট বেঞ্চ দ্বিতীয় দিনের মতো জাপানি বোট ক্রয় সংক্রান্ত মামলার আপিলের আবেদন শোনেন।
শুনানিতে এরশাদের পক্ষের কৌঁসুলী আজমালুল হোসেন কিউসি এ মামলার পেপারবুক থেকে আপিল আবেদন পড়ে আদালতে উপস্থ'াপন করেন। এরপর তিনি শুনানির প্রস্তুতি গ্রহন, হজে যাওয়া ও লন্ডন যাওয়ার জন্য শুনানি জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত মুলতবি করতে লিখিত আবেদন জানান।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্ল¬া সময় বাড়ানোর আবেদনের বিরোধিতা করেন।
আদালত রাষ্ট্রপক্ষের কৌসুলীদের সময়ের আবেদনের ব্যাপারে লিখিত জবাব দিতে বলেন। রাষ্ট্রপক্ষ বৃহষ্পতিবার সময়ের আবেদনের আপত্তি তুলে জবাব দিবেন।
এছাড়া আদালত মঙ্গলবার আপিলকারী পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নথি থেকে ফটোকপি করে নেয়ার অনুমতি দিলেও এখনো ফটোকপি সংগ্রহ করেনি আপিলকারী পক্ষ।
এ বিষয়ে আজমালুল হোসেন বলেন, আপিলের পুরো পেপারবুক পড়ে জানা যাবে কী কী কাগজ নেই এবং কী কী কাগজ প্রয়োজন হবে।
এই মামলায় ১৯৯৫ সালের ৬ জুলাই ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেন।
এদিকে বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি শেখ আবদুল আউয়ালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের আরেকটি বেঞ্চে এরশাদের বাসভবন থেকে অর্থ ও স্বর্নালংকার উদ্ধার সংক্রান্ত দুর্নীতি মামলাটি বুধবার দৈনিক কার্যতালিকায় অন্তর্ভূক্ত হয়।
তালিকায় নাম দেখে এরশাদের সাবেক আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আদালতে গিয়ে বলেন, এ মামলায় আমি আর এখন এরশাদের পক্ষের আইনজীবী নই।
মামলাটি আংশিক শ্রুত হিসাবে বৃহষ্পতিবারের কার্যতালিকায় আবার আসবে।
১৯৯০ সালে ক্ষমতা ত্যাগের পর এরশাদের বাড়ি থেকে ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫শ ৬৫ টাকা এবং ১১ সেট স্বর্ণালংকার, ৬০ টি সোনার মেডেল ও ১শ ৬৪ পিস বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার করা হয়।
এ ঘটনায় দায়ের করা দূর্নীতির মামলায় ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত এরশাদকে ৩ বছরের কারাদন্ড দেয়।
ওই বছরের ১৬ ফেব্র"য়ারি এরশাদ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।
