২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে একটি মামলায় জামিন পেলেন গালিব

আহলে হাদিসের আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসাদুল¬াহ আল গালিবকে বোমা হামলার মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি আবু তারিক সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার গালিবের জামিন আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়।

আবেদনে বলা হয়েছে, ২০০৫ সালের ১৫ জানুয়ারি বগুড়ার লক্ষীকোলা শাহ রওশন জালাল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঘোড় দৌড় অনুষ্ঠানে বোমা হামলায় শফিকুল ইসলাম নামে এক যুবক নিহত হয়।

এ ঘটনায় তার বাবা হাবিবুর রহমান বগুড়ার শাহজাহানপুর থানায় বোমা বিস্ফোরণ ও হত্যা মামলা দায়ের করেন।

২০০৫ সালের ২২ ফেব্রুয়ারি গালিব আটক হওয়ার দুদিন পর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ মামলায় পুলিশ ২০০৫ সালের ১৩ মে চার্জশিট দাখিল করে।

গালিবের বিরুদ্ধে অপর একটি মামলায়ও চার্জশিট দেওয়া হয়। তার বিরুদ্ধে দায়ের করা মোট আটটি মামলার মধ্যে পাঁচটিতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়। অন্য মামলাগুলো এখনও তদন্তাধীন।

গালিবের পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম। তিনি জানান, দু’একদিনের মধ্যে আরেকটি মামলায় গালিবের জামিন আবেদনের ওপর শুনানি হবে।