খুলনা বিভাগের ২৮ আসনে ১৭৭ প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপি
বিএনপি মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকারের পঞ্চম দিনে বুধবার খুলনা বিভাগের ২৮টি আসনের জন্য ১৭৭ জন প্রার্থী সাক্ষাৎকার দিয়েছেন।
গত সংসদ নির্বাচনে বন্টন করা নয়টি আসন এবারও শরিকদের জন্য বিএনপি রেখে দিয়েছে বলে এসব আসনে কারো সাক্ষাৎকার নেওয়া হয়নি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্বে ১১ সদস্যের সংসদীয় বোর্ড বনানীর হাওয়া ভবনে এই সাক্ষাৎকার গ্রহণ করেন।
বুধবার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সাবেক তথ্যমন্ত্রী আনোয়ার জাহিদ ঝিনাইদহ-৪ আসনের জন্য সাক্ষাৎকার দিয়েছেন। এ ছাড়া যশোর-৩ আসনে সাবেক পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম, খুলনা-৩ আসনে সংসদের সাবেক হুইপ আশরাফ হোসেন ও ঝিনাইদহ-১ আসনে সাবেক প্রধানমন্ত্রীর সচিব খন্দকার শহীদুল ইসলাম সাক্ষাৎকার দিয়েছেন।
২০০১ সালের নির্বাচনে বিএনপি খুলনা বিভাগে মোট ৩৭টি আসনের মধ্যে চার দলীয় জোটের প্রধান শরিক বিএনপি ২০টি, জামায়াতে ইসলামী সাতটি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) দুটি এবং ইসলামী ঐক্যজোট দুটি আসন লাভ করেছিল। অপর দিকে আওয়ামী লীগ ছয়টি আসন পেয়েছিল।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিভাগের টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর এবং বিকেল ৩টা থেকে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার আসনের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
