মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে প্রতিহত করুন: হাসিনা
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পতাকা সমুন্নত রাখার জন্য বাঙ্গালী জাতির বিরুদ্ধে অপতৎপরতায় লিপ্ত মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বাণীতে শেখ হাসিনা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অনুপ্রেরণা বাঙ্গালী জাতিকে গণতন্ত্র, শান্তি এবং মানবাধিকার রক্ষার সংগ্রামে অপ্রতিরোধ্য করে তুলেছে।
তিনি বলেন, স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা অর্জনের জন্য বাঙ্গালী জাতির মানস ও চেতনা গঠনে শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শহীদ বুদ্ধিজীবীদের পরিবারবর্গের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পর মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে তাদের পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল।
