২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দলীয় জোট নির্বাচনে ১৪ দলকে চায়

বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া বলেছেন, চার দলীয় জোট ১৪ দলকে নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

মঙ্গলবার সন্ধ্যায় বনানীর হাওয়া ভবনে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে মান্নান ভূঁইয়া এই আগ্রহের কথা জানিয়ে বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। আমরা চাই ১৪ দল নির্বাচনে আসুক।

আলোচনার মাধ্যমে ১৪ দলকে নির্বাচনে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিন নতুন উপদেষ্টা নিয়োগ সম্পর্কে মান্নান ভূঁইয়া বলেন, “তত্ত্বাবধায়ক সরকার পরিচালনায় উপদেষ্টার শূন্য পদে রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়েছেন। আমি তাদের চিনি না, আমি আশা করবো নতুন নিয়োগপ্রাপ্ত উপদেষ্টারা অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন।”

অবশ্য সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, “কেউ নির্বাচনে না আসলে নির্বাচন করা যাবে না এটা সঠিক নয়, কারণ সংবিধান অনুযায়ী ৯০ দিনের ভেতরেই নির্বাচন সম্পন্ন করতে হবে, নইলে সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হবে।”

জনমত যাচাইয়ের স্বার্থে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, “আপনাদের জনপ্রিয়তা থাকলে ভোটে আসুন। জনগণ আপনাদের ম্যান্ডেট দিলে আমরা তা মেনে নেবো।”

দেশে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নির্বাচন করা ঠিক হবে কিনা তা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, “অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য ১৪ দলই দায়ী। তারা যদি এই পরিস্থিতি বন্ধ করে নির্বাচনে আসে তাহলেই সব ঠিক হয়ে যাবে।”

বর্তমানে নির্বাচনের উপযুক্ত পরিবেশ আছে দাবি করে মান্নান ভূঁইয়া বলেন, “তত্ত্বাবধায়ক সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে পারবে। আমরা চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এটা যত নিশ্চিত হবে, বিএনপিসহ চারদলীয় জোটের বিজয় তত বড় হবে।”

সংক্ষিপ্ত এই ব্রিফিং এ সাবেক সাংসদ জহিরউদ্দিন স্বপনসহ দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।