‘গোল পোস্ট’ সরে যাওয়ায় পদত্যাগ করেছি: শফি সামি
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগকারী সাবেক কূটনীতিক সি এম শফি সামি বলেছেন, “প্যাকেজ প্রস্তাবের সবকিছু সাফল্যের দ্বারপ্রান্তে আসার শেষ মুহূর্তে ‘গোল পোস্ট’ সরে যাওয়ায় আমাদের সব প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ওই কারণেই আমি বিবেকের তাড়নায় দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আমার অবদান রাখার সুযোগ নেই বলেই পদত্যাগ করেছি।”
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,“এখনো যদি তরিৎ ও বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে নোবেল বিজয়ী ড. ইউনূসের ‘প্রেসক্রিপশন’ বাস্তবায়ন করা যায়, তবেই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব।”
মঙ্গলবার বিকেলে গুলশানের নিজস্ব বাসভবনে সাংবাদিকদের এভাবেই তিনি তার পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন।
শফি সামি বলেন,“নির্বাচন কমিশন পুনর্গঠন, দুর্নীতির দুর্বৃত্তায়ন, পেশীশক্তি ও কালো টাকার মালিকদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া গেলে দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।”
উপদেষ্টা হিসেবে তার অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে শফি সামি বলেন,“আমরা চেয়েছিলাম সব দলের অংশগ্রহণের মাধ্যামে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে। কিন্তু বাস্তবে তা দুরূহ কাজ।”
সাবেক উপদেষ্টা আরও বলেন,“নির্বাচন কমিশন পুনর্গঠন, সেনা মোতায়েনের সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘসূত্রিতার কারণে তার মনে হয়েছে এই অবস্থায় ওই পদে থাকার কোনো যৌক্তিকতা নেই।”
এক প্রশ্নের জবাবে নতুন উপদেষ্টাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমি তাদের শুভ কামনা করি। তারা যেন তাদের দায়িত্ব পালনে তরিৎ গতিতে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। কারণ অতীতে দেখা গেছে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েও বাস্তবায়ন করতে পারিনি।”
সাবেক এই কূটনীতিক বলেন,“আমরা কোনো দল বা গোষ্ঠির এজেন্ডা বাস্তবায়ন করতে উপদেষ্টা পদে ছিলাম না। আমি আমার কর্মজীবনে কখনোই নিষ্ঠা, বিবেক ও নীতির সঙ্গে আপোস করিনি। আমাদেরকে বলা হয়েছে, ৯০ দিনের মধ্যে যেভাবে পারেন নির্বাচন করতে হবে, অথচ সব দলের অংশগ্রহণ তখনো নিশ্চিত হয়নি। সে সময় মনে হয়েছে এটা করা হলে জাতির সঙ্গেই প্রতারণা করা হবে।”
সাবেক উপদেষ্টা দাবি করেন,“প্যাকেজ প্রস্তাবের সুপারিশগুলোর সবই উপদেষ্টা পরিষদের সর্ব সিদ্ধান্তেই হয়েছে।” কেন তা বাস্তবায়ন করা গেল না এ প্রশ্নের জবাবে তিনি বলেন,“গোল পোস্ট হঠাৎ করে সরে যাওয়ার কারণটা আমার কাছেও দুর্বোধ্য।”
তবে শফি সামি মনে করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তিন উপদেষ্টা যে সুপারিশমালা তৈরি করেছিলেন তার যথেষ্ট মূল্যায়ন হয়নি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
তিনি আরো বলেন,“দুই শীর্ষ রাজনৈতিক দল ও জোটের দূরত্ব কমাতে তাদের ওই আলোচনা কষ্টসাধ্য ব্যাপার ছিল। তবে শেষ পর্যন্ত আমরা একটা মীমাংসায় আসতে পেরেছিলাম। তৈরি করেছিলাম প্যাকেজ প্রস্তাব।”
সাবেক উপদেষ্টা বলেন, “সব দলের অংশগ্রহণেই কেবল দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে। যে নির্বাচন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, তা বিদেশেও গ্রহণযোগ্যতা পাবে না।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“বির্তকিত লোকদের উচিত দেশ ও জাতির স্বার্থে নিজেদের পদ থেকে সরে যাওয়া। সেই দেশপ্রেম তাদেরকে দেখাতে হবে।”
পার্শ্ববর্তী দেশের একজন নেত্রীর উল্লেখ না করে তিনি বলেন,“সংখ্যাগরিষ্ঠ দলের ও জনগণের সমর্থন থাকার পরও তিনি নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু আমরা বির্তকিত হওয়ার পরও পদকে আঁকড়ে থাকতে চাই।”
রাষ্ট্রপতির ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি কিছুদিন তার সঙ্গে কাজ করেছি। এ ব্যাপারে মূল্যায়ন করাটা সমীচীন হবে না।”
অধ্যাপক ইউনূসের ‘সবার কথা শুনবেন, কারও কথা শুনবেন না’ মন্তব্যের উল্লেখ করে তিনি বলেন,“এই নীতিতে রাষ্ট্রপতি চললে ভালো করবেন।”
ভবিষ্যতে আবার উপদেষ্টার পদ গ্রহণ করবেন কি না-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “ধনুক থেকে তীর ছুঁড়ে দিলে সেটাকে আর ফিরিয়ে আনা যায় না।”
অপর এক প্রশ্নের জবাবে সাবেক উপদেষ্টা বলেন, “উপদেষ্টা পরিষদের সভায় এই মুহূর্তে সেনা মোতায়েনের বিষয়টিতে সব উপদেষ্টাই আপত্তি তুলেছিল।”
তিনি গণতন্ত্রকে সমুন্নত রাখতে সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
