২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশা করি ৪ উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবেন: মান্নান

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, “চার উপদেষ্টার পদত্যাগের বিষয়টি কিছুক্ষণ আগে শুনেছি। তবে আমি আশা করবো, তারা তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 01:17 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “উপদেষ্টা পরিষদে বা সংগঠনে কাজ করতে গেলে ভিন্নমত থাকাই স্বাভাবিক। তবে আমি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে অনুরোধ জানাবো যেন তিনি পদত্যাগকারী উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন এবং তারা যেন স্বাভাবিক কাজকর্মে ফিরে আসেন।”

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়ার উল্লেখ করে মান্নান ভূঁইয়া বলেন, জাতিকে অবহিত করার জন্যই কোনো দেশের রাষ্ট্রপতি সাধারণত ভাষণ দিয়ে থাকেন। এই ভাষণ গ্রহণ বা বর্জন করার কিছু নেই।

সেনা মোতায়েন সম্পর্কে মান্নান ভূঁইয়া বলেন, রাষ্ট্রপতির সিদ্ধান্তেই সেনা মোতায়েন হয়েছে। উপদেষ্টাদের মধ্যে এ নিয়ে ভিন্নমত থাকলেও শেষপর্যন্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতিকেই নিতে হয়।