চার উপদেষ্টার পদত্যাগকে সাময়িক সঙ্কট বললেন আজিজুল হক
চার উপদেষ্টার পদত্যাগকে গণতন্ত্রের জন্য হুমকি মনে করেন না উপদেষ্টা আজিজুল হক। একে সাময়িক সঙ্কট হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এর থেকে উত্তরণ সম্ভব।
আকবর আলি খান, সুলতানা কামাল, সিএম শফি সামি এবং হাসান মশহুদ চৌধুরীর পদত্যাগ সম্পর্কে সচিবালয়ে নিজ দপ্তরে আজিজুল হক বেলা সোয়া বারোটায় বলেন, “চার উপদেষ্টার পদত্যাগের বিষয়টি জানা ছিল না। টিভিতে দেখেছি। এ পদত্যাগের ফলে সাময়িক সঙ্কট সৃষ্টি হলেও এর থেকে উত্তরণ সম্ভব, এখনও সময় আছে।”
গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হওয়ার সম্ভাবনা না থাকলে পদত্যাগ করবেন কি-না এ প্রশ্নের জবাবে আজিজুল হক বলেন, “সেটা সময়ই বলে দেবে। কিছু হলে আপনারাও জানতে পারবেন। আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
উপদেষ্টাদের পদত্যাগকে তাদের ব্যক্তিগত মতামত হিসেবে বর্ণনা করে এক প্রশ্নের জবাবে বলেছেন, “এ পদত্যাগ এখনও গণতন্ত্রের জন্য হুমকি নয়। কারণ দলগুলো এখনও নির্বাচনমুখী।”
