ড. কামালসহ ১৩ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল
ড. কামাল হোসেন, আমীর উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদসহ ১৩ আইনজীবীর বিরুদ্ধে সোমবার আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।
এসব আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না কেন-আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ দেখাতে বলা হয়েছে।
৩০ নভেম্বর প্রধান বিচারপতির এজলাসসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাংচুরের ঘটনায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন অ্যাডভোকেট আতিকুল করীম।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর আদালতে এ মামলাটি দায়ের করা হয়।
অভিযোগে বলা হয়, গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে তিনটি রিট মামলায় প্রধান বিচারপতির স্থগিতাদেশ নিয়ে আদালতে ভাংচুরের ঘটনা ঘটে। স্থগিতাদেশ সম্পর্কে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ নজিরবিহীন বলার পর এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়। প্রধান বিচারপতির বিরুদ্ধে অশোভন বক্তব্য দিয়ে মিছিল করেন আইনজীবীরা। এতে তারা সুপ্রিম কোর্টের মর্যাদা ক্ষুণ্ন করে আদালত অবমাননা করেছেন।
সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত ড. কামাল হোসেন, আমীর উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আব্দুল বাসেত মজুমদার, সুব্রত চৌধুরী, আব্দুল হালিম, ইনায়েতুর রহিম, আসওয়াফুর রহমান, তানিয়া আমীর, খসরুজ্জামান, মোস্তাফিজুর রহমান, সাঈদ আহমদ রাজা ও নাহিদা ইয়াসমীন যুথির প্রতি আদালত অবমাননার রুল জারি করেন।
মামলার শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুঁইয়া ও খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ।
রুল জারির প্রতিক্রিয়ায় রোকনুদ্দিন মাহমুদ বলেন, “আমি আইনজীবীদের কাছে শুনেছি কিছু আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়েছে, যার মধ্যে আমাকেও রাখা হয়েছে। তবে কী অভিযোগ আনা হয়েছে জানি না। কারণ, আমি এখনও নোটিশ পাইনি।”
সুপ্রিম কোর্টের ভাংচুরের ঘটনা নিয়ে তিনটি ফৌজদারি মামলা ছাড়াও দুটি আদালত অবমাননার মামলা হলো।
এর আগে দায়ের করা আলাদা দুটি রাষ্ট্রদ্রোহ মামলায় আমীর উল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদসহ সাত আইনজীবীকে রোববার আগাম ও অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
একদিন পর আবার আদালত অবমাননার মামলা দায়েরের ঘটনায় আদালতে উত্তেজনা দেখা দিয়েছে।
