২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবন ঘেরাওয়ের জন্য ১৪ দলের নেতাকর্মীরা প্রস্তুত: মহানগর আ. লীগ

লগি-বৈঠা নিয়ে বঙ্গভবন ঘেরাওয়ের জন্য ঢাকা মহানগর ১৪ দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। নির্দেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তারা বঙ্গভবনের চারদিকে অবস্থান নেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 03:08 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বঙ্গভবন ঘেরাও কর্মসূচি সামনে রেখে শনিবার সকালে মহানগর ১৪ দলের প্রস্তুতি সভায় নেতারা এ কথা জানান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর ১৪ দলের আহবায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মায়া জানান, বঙ্গভবন ঘেরাওয়ের সবরকম প্রস্তুতি তারা শেষ করেছেন।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বঙ্গভবন ঘেরাওয়ের জন্য সবাইকে লগি-বৈঠা নিয়ে প্রস্তুত থাকার আহবান জানান।

শনিবার সন্ধ্যার মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান বলেন, “তা না হলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সৈয়দা সাজেদা চৌধুরী, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, ন্যাপের এমএ গণি প্রমুখ।