পুননির্ধারিত নির্বাচনী তফসিলে ৪ দলের আপত্তি নেই: মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, পুননির্ধারিত নির্বাচনী তফসিলের যে সিদ্ধান্ত হয়েছে তাতে চার দলীয় জোটের পক্ষ থেকে কোনো আপত্তি নেই।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে নির্বাচনী তফসিল পুননির্ধারণ ও নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি সাংবাদিকদের একথা জানান। মান্নান ভূঁইয়ার নেতৃত্বে চার দলের সাত সদস্যের প্রতিনিধি দল উপদেষ্টাদের সঙ্গে এ বৈঠক করেন।
এক ঘন্টারও বেশি সময় বৈঠক শেষে মান্নান ভূঁইয়া আরও বলেন, “বৈঠকে আমরা চলমান রাজনৈতিক সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছি। নির্বাচনী তফসিল পুননির্ধারণে আমাদের সম্মতির কথাও আমরা জানিয়েছি। তবে উপদেষ্টারা বলেছেন, সংবিধানের ৯০ দিনের বাধ্যবাধকতার মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে।”
মান্নান আরও বলেন, “আমরা আমাদের বক্তব্য বলেছি। এ বিষয়ে ১৪ দলের নেতাদের সঙ্গে উপদেষ্টাদের আলোচনার পর আমাদের ডাকা হলে আমরা আবারও আসবো।”
তবে মান্নান ভূঁইয়া নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে আলোচনার বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান।
এদিকে উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, ১৪ দল এবং চার দলের সঙ্গে আলোচনার বিষয়বস্তু রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদকে জানানো হবে এবং এরপর তারা সাংবাদিকদের জানাবেন।
বৈঠকে চার দলের পক্ষে উপস্থিত ছিলেন বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিজেপির নাজিউর রহমান মঞ্জু, জামায়াতে ইসলামির মহাসচিব আলি আহসান মোহাম্মদ মুজাহিদ, আবদুল কাদের মোল্লা ও ইসলামি ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নিজামী।
উপদেষ্টাদের মধ্যে আকবর আলি খান ছাড়াও উপস্থিত ছিলেন সুলতানা কামাল, মাহবুবুল আলম ও সি এম শফি সামি।
বৈঠকে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সরকার উপস্থিত হয়ে ভোটার তালিকা হালনাগাদ ও সংশোধনের কাজ কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে চার দলের নেতাদের অবহিত করেন।
এর আগে পদ্মায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবারের মধ্যেই রাজনৈতিক সংকট সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ১৪ দলের নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের নেতৃত্বে ১৪ দলের নেতারা এ বৈঠকে অংশ নেন।
