২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশাবাদী ১৪ দল

আলোচনা অসমাপ্ত রেখে বৈঠক থেকে বেরিয়ে এলেও বৃহস্পতিবারের মধ্যেই চলমান রাজনৈতিক সংকটের সমাধানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশাবাদী ১৪ দলের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 02:20 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টা এবং নির্বাচন কমিশন সচিবদের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠক শেষে আবদুল জলিলসহ ১৪ দলের নেতারা এ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে নির্বাচন কমিশন সচিব আবদুর রশিদ সরকার উপস্থিত থাকলেও আলোচনায় অংশ নেননি বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। পদ্মায় বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সচিব বলেন, “বৈঠকে উপস্থিত থাকলেও আলোচনায় আমি অংশ নেইনি।” বৈঠকে নির্বাচন কমিশনারদের ছুটি ও তফসিল পুননির্ধারণ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তাও তিনি জানেন না।

সকাল ১০ টা ৪৫ মিনিটে শুরু হওয়া বৈঠকটি দুপুর সাড়ে ১২ টায় শেষ হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দল সমম্বয়ক আবদুল জলিল সাংবাদিকদের বলেন, উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে তারা নির্বাচনী তফসিল পুননির্ধারণ, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটার তালিকা হালনাগাদ ও সংশোধন করার ব্যাপারে তাদের দাবিগুলো পুনরায় জানিয়েছেন।

১৪ দলের নেতারা বলেছেন, এখনও পুরো বৈঠক শেষ হয়নি। আজ আবারও তারা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসবেন।

সকাল ১০ টা ৪৫ মিনিটে শুরু হওয়া এ বৈঠকে উপদেষ্টামণ্ডলির মধ্যে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম, কৃষি বিষয়ক উপদেষ্টা সি এম শফি সামি, অর্থ উপদেষ্টা ড. আকবর আলি খান এবং সুলতানা কামাল।

১৪ দলের নেতাদের মধ্যে ছিলেন আবদুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম, রাশেদ খান মেনন, তোফায়েল আহম্মেদ, হাসানুল হক ইনু, দিলীপ বড়–য়া, সাবেক সরকারি কর্মকর্তা এইচ টি ইমাম, এম মোকাম্মেল হক।

নির্বাচন কমিশনের বৈঠক শেষ করে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সরকার এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়াও এতে যোগ দেন।

বৈঠক শেষে আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, “আমাদের আলোচনা যেহেতু এখনও শেষ হয়নি। তাই এখনই কিছু বলা সম্ভব নয়। উপদেষ্টাদের সঙ্গে আমাদের আলোচনার আরও প্রয়োজন আছে।”

জলিল বলেন, “পুরো আলোচনা শেষ হলে সাংবাদিকদের জানাবো।”

তোফায়েল আহম্মেদ বলেন, কিছু বিষয়ে উপদেষ্টাদের সঙ্গে রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড.ইয়াজউদ্দিনের আলোচনার প্রয়োজন আছে। সেজন্য উপদেষ্টারা আরও সময় নিয়েছেন।

রাশেদ খান মেনন বলেন, আলোচনা যাই হোক না কেন আজকের মধ্যেই চুড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে।