‘প্যাকেজ প্রস্তাব’ নিয়ে আজই সিদ্ধান্ত
দুই জোটের সঙ্গে আলোচনা করে উপদেষ্টারা ‘প্যাকেজ প্রস্তাব’ এর বিষয়ে আজই (সোমবার) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী।
তিনি বলেন, “উপদেষ্টাদের দুপুরের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।”
সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের হাসান মশহুদ বলেন, “উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের আলোকে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সেসব আবার নতুন করে নেওয়ার কোন সুযোগ নেই। মূল বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে। ছোটখাট বিভিন্ন বিষয়ে পরে আলোচনা করে দেখা যাবে।”
জ্বালানি উপদেষ্টা বলেন, “৯০ দিনের বাইরে নির্বাচন করার কোন বিকল্প পন্থা নিয়ে ভাবছেন না উপদেষ্টারা।এখনও ৯০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব। এজন্য দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।”
সুড়ঙ্গের শেষে আলো দেখা যাওয়ার যে কথা উপদেষ্টারা বলেছিলেন সে প্রসঙ্গে হাসান মশহুদ বলেন তারা ইতিবাচক কোনো কিছু দেখতে চান। তার মতে “সূর্যের আলোর পরিবর্তে যদি রাতের ট্রেনের আলো দেখা যায় সেটা ফলপ্রসু হবে না।”
অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলোর সঙ্গে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের তুলনা করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, “আগেরগুলোর ক্ষেত্রে কোন রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি ছিল না। এখন রাজপথে আন্দোলন চলছে। আমরা বিশেষ পরিস্থিতির সম্মুখীন। আমরা যে অবস্থান নিয়েছি তা ব্যর্থ হলে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হতে পারে।”
তিনি বলেন, “আগেও এ ধরনের উদ্যোগ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু সেগুলো কাজে লাগানো যায়নি। যে কারণে পরিবেশ সৃষ্টিতে একটু বিলম্ব হচ্ছে।”
