সেনবাগে বিএনপির দু পক্ষের সংঘর্ষে আহত ৩০
নোয়াখালীর সেনবাগে শুক্রবার সকাল থেকে বিএনপির দু পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে।
সেনবাগ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০ টার দিকে বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কাজী মফিজুর রহমানের সমর্থকরা সেনবাগ বাজারে মিছিল বের করে। পুলিশের ব্যারিকেড পার হয়ে মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয়ের দিকে এগিয়ে গেলে সেখানে অবস্থানরত সাবেক সাংসদ জয়নুল আবেদীন ফারুকের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়।
কাজী মফিজ সমর্থকরা অভিযোগ করে, বেলা ১২ টার দিকে সেনবাগ বিদ্যুৎ অফিসের সামনে জয়নুল আবেদীন ফারুকের সমর্থকরা মিছিল থেকে কাজী মফিজের সমর্থক ইউপি চেয়ারম্যান কাজী হারুনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে তারা সাহাপুর বাজারে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। তবে আবেদীন ফারুকের সমর্থকরা এসব অভিযোগ অস্বীকার করেছে।
সংঘর্ষে আহত ফিরোজ আলম, দুলাল, মিঠু, ফারুক, জাকের, কামাল এবং আবদুর রহমানসহ অন্যান্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে আলমগীর হোসেনকে সেনবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনবাগ বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
