২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের ঘটনাকে ‘বড় ষড়যন্ত্র’ বললেন সংবিধান বিশেষজ্ঞরা

সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনাকে আইনের শাসন, গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতার ওপর বড় ধরনের ষড়যন্ত্র ও হস্তক্ষেপ বলে অভিমত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বৃহস্পতিবার রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা নিয়ে রিটের রায় প্রদানকালে প্রধান বিচারপতি জে আর মোদাচ্ছির হোসেনের নজিরবিহীন স্থগিতাদেশের ঘটনায় সুপ্রিমকোর্টে ব্যাপক ভাংচুরের পর সংবিধান বিশেষজ্ঞরা এ মত ব্যক্ত করেন।

এদিকে বিক্ষুদ্ধ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আইনজীবীরা এ ঘটনার প্রতিবাদে শনিবার ফের জরুরি সাধারণ সভার ডাক দিয়েছে।

অন্যদিকে বিদায়ী জোট সরকার সমর্থক জাতীয়তাবাদী আইনজীবীরাও শনিবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচী ঘোষণা করবে।

এতে করে আবারও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা করছেন সাধারণ আইনজীবীরা।

এদিকে রিট মালার আদেশ প্রদানকালে প্রধান বিচারপতির নজিরবিহীন স্থগিতাদেশ ও একে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সিনিয়র আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন শুক্রবার bdnews24.com কে বলেছেন, বিদায়ী সরকারের মন্ত্রীদের মদদে সুপ্রিমকোর্টে বৃহস্পতিবার যে নজিরবিহীন আদেশ ও ভাংচুরের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে শনিবার ১১টায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি জরুরি সাধারণ সভায় মিলিত হবে। তিনি বলেন, বিদায়ী মন্ত্রীদের উস্কানিতে ও মদদে বহিরাগত লোক দিয়ে সুপ্রিমকোর্টে তান্ডব চালানো হয়েছে।

আমিনউদ্দিন জানান, নজিরবিহীন আদেশ দেওয়ার প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের পদত্যাগ দাবি করছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। পদত্যাগ না করা পর্যন্ত তার আদালত বর্জন করা হবে।

রিট মামলা স্থগিতের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আমিনউদ্দিন বলেন, বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা করার জন্য আইনজীবীরা আন্দোলন করে যাবে।

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব শাহ খসরুজ্জামান বলেন, সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনার প্রতিবাদে ফোরামের নেতারা শনিবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করবে।

তা ছাড়া রোববারও তারা সুপ্রিমকোর্টে প্রতিবাদ সমাবেশ করবেন বলে জানা গেছে।

সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহির শুক্রবার bdnews24.com কে বলেছেন, বৃহস্পতিবারের সুপ্রিমকোর্টের ঘটনা শুধু বিচার বিভাগের নয়, দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। এ ঘটনার পেছনে কোন তৃতীয় শক্তি কাজ করছে বলে মন্তব্য করে তিনি বলেন, এখন পুলিশের কর্তব্য হলো গ্যাঞ্জি প্যান্ট পরা লোকগুলোকে খুঁজে বের করা।

জহির বলেন, “১৫ মিনিটের মধ্যে এই লোকগুলো কোত্থেকে, কিভাবে এসেছে? আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবীরা নিশ্চয়ই কোন গাড়ি ভাংচুর করেনি। কারা বাংলাদেশের এত বড় ক্ষতি করল? পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ পোষণ করে তিনি বলেন, সুপ্রিমকোর্টে সবসময় পুলিশ থাকে, তারা দাঁড়িয়ে থাকলো, অথচ কিছু বললো না, এর রহস্য কি?”

প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ড. জহির আরও বলেন, রুল জারির আগে বৃহত্তর বেঞ্চে যাওয়ার আবেদন করার নজির গত ৩৫ বছরে শুনিনি। প্রধান বিচারপতির ক্ষমতা থাকলেও এভাবে কোন বেঞ্চ রুল ইস্যুর প্রাক্কালে সেই মামলার কার্যক্রম স্থগিতের কথাও শুনিনি।

তিনি বলেন, “একটা রুল জারি হলে কি এমন ক্ষতি হতো? অ্যাটর্নি জেনারেল চলে গেলেন প্রধান বিচারপতির বাড়িতে। সেখান থেকে তিনি হাতে হাতে আদেশ নিয়ে এলেন। এ এক অকল্পনীয় ব্যাপার। কোন আদেশ নিয়ে আসার দায়িত্ব সংশ্লিষ্ট সেকশনের সুপারের, অ্যাটর্নি জেনারেলের নয়।”

ড. জহির আওয়ামী লীগের আইনজীবীদের সমালোচনা করে বলেন, তারা কেন এত দেরি করে রিটটি করলেন? তারা যখন প্রধান বিচারপতির কাছে গেলেন তখন নিশ্চয়ই বুঝতে পারেনি যে একটা বাঘের পিঠে চড়ে তারা যাচ্ছেন। সেই বাঘটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি।”

সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, রায় প্রদানের সময় প্রধান বিচারপতির মামলা স্থগিত করে দেওয়ার ঘটনা বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। মামলা চলাকালে তা স্থগিত করে দেওয়ার নজির নেই। চারদলীয় জোটের মন্ত্রী ও অ্যাটর্নী জেনারেল বিচার বিভাগকে ধ্বংস করার জন্য এই পদক্ষেপ নিয়েছে।

ব্যারিস্টার শফিক বলেন, “আমার মনে হচ্ছে বিচারপতি অ্যাটর্নি জেনারেল ও বিদায়ী সরকারের মন্ত্রীদের দ্বারা প্রভাবিত হয়ে এই নজিরবিহীন আদেশ দিয়েছেন।” সাবেক আইন প্রতিমন্ত্রীর গাড়ি জ্বালিয়ে দেওয়া ও সুপ্রিমকোর্টে ভাংচুর প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনা একটি স্যাবোটাজ হতে পারে। আইনের শাসন, গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নস্যাৎ করার জন্য একটি চক্র পুরো ঘটনাটি ঘটাতে পারে।

এ ঘটনায় আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্কে একটি ফাটল ধরল মন্তব্য করে ব্যারিস্টার শফিক বলেন, এর প্রভাব বিচারপতি ও বিচার ব্যবস্থার ওপর পড়বে।

দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলে ব্যারিস্টার শফিক আশংকা প্রকাশ করেন।