প্রশাসন সচল রাখাই একমাত্র সাফল্য: উপদেষ্টা আকবর
অনেক সমস্যার মধ্যেও এক মাস প্রশাসনকে চালিয়ে নিয়ে যাওয়াটাকেই তত্ত্বাবধায়ক সরকারের একমাত্র সাফল্য বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ড. আকবর আলি খান।
বুধবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, “এ সময়কালে অনেক প্রতিকূলতা, এমনকি রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই আমাদের প্রশাসন সচল রাখতে হয়েছে।”
অর্থ উপদেষ্টা বলেন, “আমরা এসেছি মাত্র কয়েকদিনের জন্য। উত্তরাধিকার সূত্রেই রাজনৈতিক সঙ্কট আমাদের আমাদের ঘাড়ে এসে চেপেছে। কিন্তু এর মধ্যেই আমরা কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছি। ফলে আমরা ব্যর্থ হয়েছি, একথা বলার সময় এখনও আসেনি।”
অর্থ উপদেষ্টা বলেন, “সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা সব চেষ্টাই চালিয়ে যাচ্ছি।”
এর আগে ড. ওসমান ফারুকের নেতৃত্বে বিএনপির চার সদস্যের ও হোসেন তৌফিক ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের দুই সদস্যের পৃথক দুটি প্রতিনিধি দল আকবর আলি খানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এ প্রসঙ্গে উপদেষ্টা আকবর বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের ব্যাপারে দুই দলই তত্ত্বাবধায়ক সরকারকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন তারাও চায়।
চলমান সঙ্কটের অবসানে বিএনপিও ভাবছে বলে অর্থ উপদেষ্টা জানান।
তত্ত্বাবধায়ক সরকার চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনের চেষ্টায় সক্রিয় রয়েছে উল্লেখ করে আকবর আলি বলেন, সব সরকারেরই এমন কিছু সমস্যা থাকে যা সমাধান হয় না।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “অর্থ উপদেষ্টা হিসেবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, কিভাবে রাজস্ব আদায় ও রপ্তানি বাড়িয়ে পরবর্তী সরকারের হাতে একটি সুসংহত অর্থনীতি তুলে দেওয়া যায়।”
নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম তার এখতিয়ারে নয় বলে মন্তব্য করেন তিনি।
যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে ওই মন্ত্রণালয়ের সচিবের দূরত্ব বাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে আকবর আলি জানান, বিষয়টি তিনি রাষ্ট্রপতিকে জানিয়েছেন এবং রাষ্ট্রপতি তা দেখবেন বলে তাকে আশ্বাস দিয়েছেন।
