মোদাব্বির চৌধুরী বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন
নবনিযুক্ত নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী নিজেকে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করলেও তিনি তাঁর চাকুরি জীবন শেষ করেই বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন।
চলতি বছরের ১৮ জুন তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক মতবিনিময় সভায় প্রকাশ্যে বলেছিলেন যে, “আমার নেত্রী বেগম খালেদা জিয়া।” সেদিন তিনি সেই অনুষ্ঠানে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই অনুষ্ঠানের খবর পরের দিন জাতীয় সংবাদপত্রে প্রকাশিত হয়।
গত জুনে এলাকায় নির্বাচনী গণসংযোগকালে দৈনিক প্রথম আলোর প্রতিনিধিকে তিনি বলেছিলেন: “বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমার অলোচনা হয়েছে। তাদের আশ্বাসে এলাকায় কাজ করে যাচ্ছি। আগেও করেছি। সবসময়ই এলাকার লোকজনের পাশে আছি। আমি অচিরেই বিএনপিতে যোগ দেবো।”
তাঁর এই বক্তব্য গত ১৮ জুন প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছিলো।
অবসর গ্রহণের পরপরই ২০০৪ সালে ১৮ জুলাই আজমিরীগঞ্জে তিনি জেলা বিএনপি সভাপতির সভাপতিত্বে এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী প্রয়াত আকবর হোসেন, বিএনপি নেতা আবু লেইস মুবীন চৌধুরী এবং সুজাত মিয়া প্রমুখ সেদিন উপস্থিত ছিলেন।
তবে সোমবার দুপুরে নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেয়ার পর মোদাব্বির হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, ‘‘আমি কখনো বিএনপিতে যোগ দেইনি। এলাকার মানুষ আমাকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছিল।’’
তিনি দাবি করেন আওয়ামী লীগ ও বিএনপি দুইপক্ষের সমর্থকরাই চেয়েছিল যে, ‘‘আমি যেনো নির্বাচন করি।’’
আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মো. রাসেল জানান, সোমবার সন্ধ্যায় মোদাব্বির হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার নিয়োগ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে আজমিরিগঞ্জ আওয়ামী লীগ।
থানা সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ওই প্রতিবাদ সমাবেশে বক্তারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোদাব্বির হোসেন চৌধুরী কিভাবে নির্বাচন কমিশনার নিয়োগ পেলেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। আমির হোসেন বলেন, ‘‘তিনি কোনোভাবেই নিরপেক্ষ নন। তিনি বিএনপির একজন নিষ্ঠাবান নিবেদিত কর্মী ছিলেন।’’
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, অবসর গ্রহনের পর মোদাব্বির হোসেন চৌধুরী রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে বিএনপির মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন।
তিনি বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের একজন প্রবীন নেতার বাসায় গিয়ে বিএনপিতে যোগ দেওয়ার জন্য একাধিকবার চেষ্টা চালান। দলের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ওই নেতার কাছে ২০০৭ সালে আজমিরীগঞ্জ-বানিয়ারচর আসনে নির্বাচন করতে ইচ্ছা প্রকাশও করেন তিনি।
বিগত জোট সরকারের আশীর্বাদপুষ্ট পুলিশের সাবেক এই কর্মকর্তা তার এলাকা হবিগঞ্জের বানিয়ারচর ও আজমিরীগঞ্জ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে পড়েন।
কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরোধিতার মুখে তার মনোয়ন পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে বলে বিএনপির অপর একটি সূত্র নিশ্চিত করে।
চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পরপরই মোদাব্বির হোসেন চৌধুরীকে পুলিশের আইজি পদে নিয়োগ দেয়া হয়। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তাঁর ব্যাক্তিগত বন্ধু এবং সামরিক একাডেমীতে একই ব্যাচে শিক্ষার্থী ছিলেন।
২০০৩ সালের মে মাসে তাকে পুলিশ প্রধানের পদ থেকে সরিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ করা হয়।
পাকিস্তান মিলিটারি একাডেমী থেকে কমিশনপ্রাপ্ত সাবেক লেফটেন্যান্ট মোদাব্বির হোসেন চৌধুরী ১৯৭১ সালে যুদ্ধের সময় তৎকালীন পশ্চিম পাকিস্তানে থেকে যান। মুক্তিযুদ্ধের পর তিনি দেশে ফেরেন এবং ১৯৭৩ সালে পুলিশ বিভাগে যোগ দেন।
