শপথ নিয়েই ইসি সচিবালয়ে নতুন দুই কমিশনার
সাবেক পুলিশ প্রধান ও সাবেক সচিব মোদাব্বির হোসেন চৌধুরী এবং সাবেক জেলা জজ সাইফুল আলম নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণের পরপরই নির্বাচন কমিশন সচিবালয়ে এসে ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় অপর দুই নির্বাচন কমিশনার মাহমুদ হাসান মনসুর ও স ম জাকারিয়া উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৪টা ৩৭ মিনিটে সুপ্রিমকোর্টে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।
শপথ নেওয়ার পর বেরিয়ে এসে মোদাব্বির হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, “এখনই কিছু বলার সময় আসেনি। কেবল দায়িত্ব পেলাম। সুষ্ঠু নির্বাচনের জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।”
অপর নতুন নির্বাচন কমিশনার সাইফুল আলম বলেন, “কেবল নতুন দায়িত্ব পেলাম। কিছু বলার সময় আসেনি।”
“নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়ে আপনার কেমন লাগছে?”-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগে যেমন ছিলাম, এখনও তেমনই আছি।”
এরপর সোমবার বিকাল সোয়া ৫টায় নতুন দুই কমিশনার নির্বাচন কমিশন সচিবালয়ে এসে ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। তাঁরা তাদের নিজ নিজ নিয়োগপত্র স্বাক্ষর করে ভারপ্রাপ্ত সিইসির কাছে জমা দেন।
এসময় এক প্রশ্নের জবাবে কমিশনার মোদাব্বির হোসেন সাংবাদিকদের বলেন, “আমি কখনও কোনো দলের পক্ষে রাজনীতি করিনি, কোনো দলের মনোনয়নও চাইনি। আমি চাই এসব প্রশ্নের কবর এখানেই হোক।”
ভারপ্রাপ্ত সিইসি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আমি দুজন অভিজ্ঞতাসম্পন্ন নির্বাচন কমিশনার পেলাম। এটা তো ভাগ্যের ব্যাপার।”
এর আগে নির্বাচন কমিশন সচিবালয় থেকে যুগ্মসচিব আজিজুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তাদেরকে শপথ গ্রহণ শেষে অভ্যর্থনা জানিয়ে আনার জন্য হাইকোর্টে যান। রেওয়াজ অনুযায়ী শপথ গ্রহণের পর তাদেরকে নির্বাচন কমিশন সচিবালয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও অপর কমিশনারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
মোদাব্বির হোসেন চৌধুরীর বাড়ি হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশায়। ২০০১ সালের ৫ নভেম্বর থেকে তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালের ২২ এপ্রিল তাঁকে আইজিপির পদ থেকে সরিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ দেওয়া হয়।
বিভিন্ন জেলায় জেলা জজের দায়িত্ব পালনকারী সাইফুল আলম সর্বশেষ দুর্নীতি দমন কমিশনের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। মাস দুয়েক আগে তিনি অবসরে যান।
