প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বি চৌধুরী
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী রাজনৈতিক সঙ্কট নিরসনে ব্যর্থ তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ দাবি করেছেন।
শুক্রবার বিকেলে বারিধারার কেসি মেমোরিয়াল ক্লিনিকে দলের এক যোগদান অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
দলের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার একথা জানানো হয়।
দলের সভাপতি বলেন, “রাষ্ট্রপতি গায়ের জোরে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছেন। সংবিধান বিশেষজ্ঞদের মতে এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাঁর গত কয়েকদিনের কার্যকলাপে প্রমাণিত হয়েছে যে তিনি নিরপেক্ষ নন। তাঁর প্রতিটি পদক্ষেপ জাতিকে হতাশ করেছে।”
বদরুদ্দোজানা চৌধুরী বলেন, তিনি উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ না করে বহু সিদ্ধান্ত নিয়েছেন যা তাঁর সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। সিইসি এমএ আজিজের ছুটি প্রসঙ্গে তিনি বলেন, দরখাস্তকারীর শর্তসাপেক্ষে ছুটি নেওয়ার নজীর পৃথিবীর কোথাও নেই।
তিনি অবিলম্বে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান, নির্বাচন কমিশনার স ম জাকারিয়া, হাসান মনসুর এবং সচিব আবদুর রশীদ সরকারকে অপসারণসহ নির্বাচন কমিশনকে পুনর্গঠনের দাবি জানান।
অনুষ্ঠানে মিরপুর ও সাতক্ষীরার কলারোয়া থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় তিনশ নেতাকর্মী এলডিপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলডিপি নেতা সৈয়দ দিদার বখত, মেজর জে. (অব.) এম.এ. হালিম, নাজিমুদ্দিন আল আজাদ, ডা. গাজী আব্দুল হক, এলডিপি যুক্তরাজ্য শাখার আহ্বায়ক মো. অহিদ উদ্দিন, লিবারেল ডক্টরস এসোসিয়েশনের আহ্বায়ক ডা. রফিক চৌধুরী, আবু মুসা, সহিদুর রহমান, শেখ শহিদুজ্জামান, মোকারম হোসেন দরদী, অ্যাডভোকেট সাবেরা বেগম, হাজী নাসির উদ্দিন সরকার, হাফিজুর রহমান ঝন্টু, যুক্তরাজ্য লুটন শাখার আহ্বায়ক হাজী মাসুদ আলী এবং ওসমান গণি।
