কিশোরগঞ্জে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অবাঞ্ছিত
জেলা বিএনপি সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ রাব্বানীকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
কিশোরগঞ্জ প্রেসক্লাবে রোববার দুপুরে জেলা ছাত্রদল আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। গত ১৮ নভেম্বর জেলা বিএনপির সভা চলাকালে সন্ত্রাসী হামলায় জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন আহত হওয়ার প্রতিবাদে এই সম্মেলন ডাকা হয়।
এতে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন। এসময় জেলা ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল মাসুদ শনিবারের ঘটনা বর্ণনা করে অভিযোগ করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ রাব্বানীর নির্দেশে তার চার ভাই ও চিহ্নিত সন্ত্রাসীরা ওই হামলা চালায়। হামলায় ছাত্রদল সাধারণ সম্পাদকসহ জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক সোহেল রানা সোহেল, তথ্য ও গবেষণা সম্পাদক রাসেল, সহ-প্রচার সম্পাদক মোকাম্মেল হক খান নয়ন, কার্যকরী সদস্য বাসার, বাবুল, শাহজাহান, তুষার ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজন আহত হন। ঘটনার সময় আহতদের রক্ষা করতে গিয়ে জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাও লাঞ্ছিত হন।
ছাত্রদল সাধারণ সম্পাদক আরও অভিযোগ করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসব চিহ্নিত সন্ত্রাসীদের গডফাদার এবং তিনি তাদের আশ্রয়-প্রশয় দিচ্ছেন। এর ফলে শহরের একটি বড় অংশ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
বক্তব্যের শেষ পর্যায়ে আব্দুল্লাহ আল মাসুদ সুমন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ রাব্বানীকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, কিশোরগঞ্জের যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে।
গত ১৮ নভেম্বর শহরের ইসলামীয়া ছাত্রাবাস মাঠে বিএনপির সভা চলাকালে সাবেক শিক্ষামন্ত্রী ও জেলা বিএনপি সভাপতি ড. এম. ওসমান ফারুকের উপস্থিতিতে সন্ত্রাসী হামলায় জেলা ছাত্রদল সাধারণ সম্পাক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ ১০ জন আহত হন।
