অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণা করুন: রাষ্ট্রপতিকে খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও চার দলীয় জোটের প্রধান খালেদা জিয়া অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণা করতে রাষ্ট্রপতিকে বলেছেন। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে খালেদা জিয়ার প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানানো হয়।
ইয়াজউদ্দিন-খালেদা বৈঠকের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মান্নান ভূঁইয়া বলেছেন,“আমরা বঙ্গভবনে গিয়ে বলেছি সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করুন।”
সাংবাদিকদের মান্নান ভুঁইয়া আরো বলেন, রাষ্ট্রপতির কাছে গণহারে বদলির বিষয়েও আপত্তি জানানো হয়েছে। “তাকে বলা হয়, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কর্মকর্তাদের বদলি করা হলে পুরো প্রশাসন একটি বিশৃঙ্খলার মধ্যে পড়বে।”
খালেদা জিয়ার নেতৃত্বে সাত সদস্যের বিএনপি প্রতিনিধি দল দেশে সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানায়। এসময় জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে গুরুত্ব আরোপ করা হয়েছে।
মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ছাড়া সাত সদস্যের এ শক্তিশালী প্রতিনিধি দল দলের অন্য সদস্যরা হলেন এম সাইফুর রহমান, ব্যরিস্টার মওদুদ আহমেদ, ড. আর এ গনি, এম শামসুল ইসলাম, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার প্রমুখ।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ১০ উপদেষ্টার সঙ্গে আড়াই ঘন্টা ব্যাপী বৈঠক করলেও নির্বাচন কমিশন নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি।
বৃহস্পতিবার খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারে উদ্দেশ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করার তাগিদ দিয়েছিলেন। সেসময় তিনি বলেন, “কে নির্বাচনে এল বা এল না তা এ সরকারের দেখার বিষয় নয়।”
এর পরপরই বৃহস্পতিবার রাতে সিইসির নেতৃত্বে তিন নির্বাচন কমিশনার ও সচিব বঙ্গভবনে যান। সেখান থেকে বেরিয়ে সিইসি এম এ আজিজ সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচনী প্রস্তুতি ও তফসিল নিয়ে আলোচনা করেছি।”
শুক্রবার এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দয়িত্ব পালনে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ব্যর্থ হয়েছেন, তাই প্রধান উপদেষ্টার পদ থেকে তার পদত্যাগ করা উচিত।
এদিকে শনিবার রাতে শেখ হাসিনারও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে বঙ্গভবন বা সুধা সদন কোনো সূত্রেই বিষয়টি নিশ্চিত করা যায়নি। এ বৈঠকের পরই বোঝা যাবে নির্বাচন কমিশন পুনর্গঠন না করার বিষয়ে খালেদা জিয়া নিজের অবস্থান থেকে সরে এসেছেন কি-না।
