হাওয়া ভবনের নির্দেশ পালন করে জাতীয় বেঈমান হবেন না: রাষ্ট্রপতির উদ্দেশে ১৪ দল
১৪ দলের নেতৃবৃন্দ রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের উদ্দেশে বলেছেন, হাওয়া ভবনের নির্দেশ পালন করে নিজেকে জাতীয় বেঈমানে পরিণত করবেন না।
এখনো সময় আছে দাবি মেনে নিন। না হলে সোমবার থেকে জনগণ স্লোগান দেবে “ইয়াজ আজিজ ভাই ভাই, এক রশিতে ফাঁসি চাই।”
“নির্বাচন কমিশন পূনর্গঠনসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে” এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ সব কথা বলেন।
মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিতে সমাবেশে বক্তারা আরো বলেন, প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহনের পর থেকেই রাষ্ট্রপতি একের পর এক ষড়যন্ত্র করে চলেছেন। নির্বাচন কমিশনারকে নিয়ে বৈঠক করে তিনি আবারো প্রমাণ করছেন খালেদা জিয়ার নির্দেশে ষড়যন্ত্রের নির্বাচন করতে চান। কিন্তু আপনাদের সেই চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবেনা।
বক্তারা রাষ্ট্রপতির উদ্দেশে বলেন, দেশকে আর সংঘাতের দিকে ঠেলে না দিয়ে রোববারের মধ্যে ১১ দফা দাবি মেনে নিন। না হলে এবার শুরু হবে আপনার পদত্যাগের দাবিতে ১ দফার আন্দোলন। অবরোধের পর আমাদের একটাই কর্মসূচি; তা হলো বঙ্গভবন ঘেরাও।
প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন,“সংবিধান লংঘন করে বিএনপির দলীয় রাষ্ট্রপতি যখন প্রধান উপদেষ্টার পদ দখল করেছিলেন; তখন তাকে আমরা গ্রহন বা বর্জন না করে নিরপেক্ষ হতে সময় দিয়েছিলাম। কিন্তু তিনি গত ২০ দিনে নিজেকে নিরপেক্ষ প্রমাণ করতে পারেননি। তাকে আর সময় দেওয়া যায় না। কঠোর এবং কঠিন আন্দোলন করেই এবার তাকে দাবি আদায়ে বাধ্য করা হবে।”
মতিয়া চৌধুরী বলেন,“রাষ্ট্রপতি নিজেকে চক্রান্তকারীর প্রতিমূর্তি হিসেবে জনগণের সামনে দাঁড় করিয়েছেন। সময় থাকতে নিজেকে সংশোধন না করলে জনতার আদালতে একদিন রাষ্ট্রপতির বিচার করা হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন পংকজ ভট্টাচার্য, মাঈনুদ্দিন বাদল, ওবায়েদুল কাদের, দিলীপ বড়ুয়া, অফম বাহাউদ্দিন নাসিম, আব্দুল মান্নান, নূরুল ইসলাম, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, হাজি মো. সেলিম, অ্যাড. সাহারা খাতুন, একেএম রহমত উল্লাহ, মুকুল বোস, সুবিদ আলী ভূঁইয়া, আলহাজ্ব মকবুল হোসেন, মোস্তফা মহসিন মন্টু, হাবিবুর রহমান মোল্লা, আলহাজ্ব সাঈদ খোকন, পংকজ দেবনাথ, ওমর আলী, এম এ গনি প্রমুখ।
