‘ক্রসফায়ার’ বন্ধ করতে বলেছেন সুলতানা কামাল
র্যাব ও পুলিশের হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে বলেছেন উপদেষ্টা সুলতানা কামাল। উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক বৈঠকে তিনি স্বরাষ্ট্র সচিবকে একথা বলেন।
সুলতানা কামাল বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অফিসে ফোন করে বলেন তিনি রাষ্ট্রপতিকে ঠিক সরাসরি একথা বলেননি। “তবে স্বরাষ্ট্র সচিবকে আমি একথা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেন এধরনের ঘটনা না ঘটে।”
“স্বরাষ্ট্র সচিবকে আমি বলেছিলাম নিয়মের বাইরে যাতে কোন অ্যাকশন না নেওয়া হয়।”
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মন্ত্রী।
এর আগে তিনি বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক আবু সুফিয়ানকে বলেন : “আমি রাষ্ট্রপতিকে বিগত সকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি স্পষ্টভাবে বলেছি এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সচেতন থাকতে বলেছি।”
মানবাধিকারকর্মী সুলতানা কামাল তখন বলেছিলেন, “যখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও উপদেষ্টাদের বৈঠকে আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করেছেন, তখনই আমি এ বিষয়টি উত্থাপন করেছি।”
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রধান হিসেবে গত দুই বছরে বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদ করেছেন এবং বিভিন্ন সভা ও সেমিনারে এ বিষয়ে বক্তব্য রেখেছেন।
গত সরকারের আমলে র্যাব ও পুলিশের হাতে বিচার বহির্ভূত হত্যাকান্ডের বিষয়ে আইন ও সালিশ কেন্দ্র থেকে অনুসন্ধানী প্রতিবেদনও প্রকাশিত হয় ২০০৫ সালে।
তত্ত্বাবধায়ক সরকারের শিল্প, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুলতানা কামাল।
২০০৪ এর ২৬ মার্চ থেকে এক নতুন শব্দ ঢুকে গেছে এদেশের ভাষায়, সাহিত্যে, সমাজে এমনকি প্রতিদিনের জীবনযাপনে-‘ক্রসফায়ার’। গ্রেপ্তার করার পর অস্ত্র উদ্ধারের সময় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘ক্রসফায়ার’ এ পড়ে সন্ত্রাসী নিহত।
সুলতানা কামাল বলেন, “আমি মনে করি এ ধরনের ঘটনা এখনই বন্ধ করে দেওয়া উচিত।”
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার পর এ পর্যন্ত সারাদেশে র্যাব ও পুলিশের হাতে কমপক্ষে সাতজন ‘ক্রসফায়ার’ এ নিহত হয়েছে।
‘ক্রসফায়ার’ এর পর বরাবরের মতোই র্যাব ও পুলিশ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন ‘নিহত ব্যক্তি এলাকার কুখ্যাত সন্ত্রাসী ছিল। ক্রসফায়ার এ পড়ে সে নিহত হয়েছে’।
ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ গত মাসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন “এটা আইনের সম্পূর্ণ লঙ্ঘন। অপরাধীদের অপরাধ তদন্ত করে তাকে বিচারের হাতে তুলে দিতে হবে। বিচারের মালিক আদালত, র্যাব নয়”।
র্যাব গঠনের পর ২০০৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত র্যাবের হাতে ৩০২ জন ‘সন্ত্রাসী’ ‘ক্রসফায়ার’ এ প্রাণ হারিয়েছেন। এর আগে ২০০২ সালে সেনাবাহিনীর অপারেশন ক্লিনহার্ট এর সময় ৮৭ দিনে ৫৮ জন নিহত হয়। পরে দায়মুক্তি আইন করে এসব বিচার বহির্ভূত হত্যাকান্ড থেকে মুক্তি দেওয়া হয় সেনা সদস্যদের।
