অবরোধ কর্মসূচিতে অচল সারাদেশ
নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ১১ দফা দাবি পূরণ না হওয়ায় আওয়ামী লীগ ও ১৪ দলের ডাকে দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে রোববার থেকে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা এ কর্মসূচির ফলে কার্যত অচল হয়ে পড়েছে। ঢাকার উদ্দেশ্যে কোনো দূরপাল্লার বাস বা ট্রেন ছাড়েনি, ঢাকা থেকেও তেমনি কোনো জেলা বা উপজেলার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
সকাল থেকে অবরোধকারীরা টঙ্গীতে একটি ট্রেনে আগুন ধরিয়ে দিলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-বগুড়া মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থল বন্দর, বেনাপোল বন্দর ও টেকনাফ সমুদ্রবন্দরসহ দেশের প্রায় সবগুলো বন্দরেই কোন আমদানী-রপ্তানী হয়নি।
এদিকে অবরোধকারীরা জামালপুরে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রীর গাড়ি ভাংচুর করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের লাগাতার অবরোধ কর্মসূচির প্রথম দিন রোববার সকালেই কার্যত অচল হয়ে পড়ে বন্দরনগরী। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বন্দরের অভ্যন্তরে জাহাজে মালামাল ওঠানামার কাজ চললেও বন্দর থেকে মালামাল অন্য কোথাও নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।
অবরোধ কর্মসূচি সফল করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অলংকার ক্রসিং থেকে বন্দর পর্যন্ত ১৪ দলের নেতাকর্মীরা অবস্থান নেয়। দলের বিভাগীয় আহ্বায়ক মেয়র এ বি এম মহিউদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে মিছিল-সমাবেশও করে। সমাবেশে বক্তব্য রাখেন জাসদ নেতা মাইনুদ্দিন খান বাদল, সাবেক এমপি বীর বাহাদুর প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া: সকাল ৯ টা ৪০ মিনিটে ঢাকাগামী বাল্লা লোকাল ট্রেন টোইরতলা রেল ক্রসিং অতিক্রম করার সময় অবরোধকারীরা একটি ট্রেনটি লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে তা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আটকা পড়ে। এরপর থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ছাড়া আশুগঞ্জ ও বিশ্বরোড মোড়ে অবরোধের কারণে ঢাকা-সিলেট, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা-সিলেট সড়কে বাস এবং ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর-নরসিংদী নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
শেরপুর: জেলার সর্বত্র শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি চলছে। ১৪ দলের নেতাকর্মীরা শেরপুর-ঢাকা মহাসড়কের নবীনগর এলাকায় ব্যারিকেড দেওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।। জেলা থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। এছাড়াও জেলার অভ্যন্তরীন ১৪টি রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
পাশাপাশি কামালপুর ও নাকুগাঁও ন্থল বন্দর দিয়ে পণ্য সামগ্রী আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।
পটুয়াখালী: রাজধানী ঢাকাসহ ৩২টি রুটে বাস চলাচল বন্ধ থাকায় সারাদেশের সঙ্গে পটুয়াখালী জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হাজার হাজার যাত্রী গন্তব্যে যেতে না পারায় দুর্ভোগের মুখে পড়েন। তবে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করছে।
বগুড়া: সকালে সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেন সোনাতলা উপজেলার ভেলুরপাড়ায় সকাল সাড়ে ৮টার দিকে পৌঁছালে ১৪ দলের নেতাকর্মীরা ট্রেনটি আটকে দেয়।
এখনও ট্রেনটি স্টেশনে আটকা পড়ে আছে। ফলে বোনারপাড়া থেকে ৪৯২ ডাউন ট্রেনটি সকাল পৌনে আটটায় ছাড়ার কথা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাড়তে পারেনি। এ ছাড়া দূরপাল্লার বাসসহ আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।
টাঙ্গাইল: রোববার সকাল থেকে উত্তরাঞ্চলের সাথে বঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে রাজধানীর যোগাযোগ বন্ধ রয়েছে। কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর নেতৃত্বে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের এলেঙ্গাতে অবরোধ চলছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে অবরোধের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে মির্জাপুরে অবরোধের সমর্থনে মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বরিশাল: সকাল থেকে ১৪ দলের নেতাকর্মীরা নগরীর কারিজিরা সেতু, রূপাতলী বাসস্ট্যান্ড, আমতলার মোড়, নথুল¬াবাদ বাসস্ট্যান্ড, চৌমাথা, গড়িয়ার পাড় এলাকা অবরোধ করে রাখে। ফলে অভ্যন্তরীণ রুটসহ দূরপাল¬ার বাস চলাচল বন্ধ থাকে। তবে অবরোধ উপেক্ষা করে অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল করে। তবে হিজলা উপজেলায় ১৪ দলের নেতাকর্মীদের দেখা না গেলেও সেখানে যান চলাচল বন্ধ রয়েছে।
মৌলভীবাজার: সকালে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস লংলা স্টেশনে আটকা পড়ে। এ ছাড়া আখাউড়া থেকে সিলেটগামী যাত্রীবাহী ট্রেন কুশিয়ারা এক্সপ্রেসের দুটি বগি টিলাগাঁও স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-সিলেট এবং সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সিলেট ও মৌলভীবাজার থেকে ঢাকা এবং চট্টগ্রামগামী দূরপাল¬ার কোন বাস চলাচল করেনি।
খাগড়াছড়ি: ১৪ দলের লাগাতার অবরোধের প্রথম দিনে পার্বত্য জেলার খাগড়াছড়ির স্বাভাবিক জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে। জেলার আন্তঃ ও দুর পাল¬ার সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা জানান, অবরোধ চলাকালে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় পুলিশ।
মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলীতে রোববার সকাল থেকে ১৪ দলের নেতাকর্মীরা অবরোধ সৃষ্টি করলে মহাসড়কটি অচল হয়ে পড়ে। পরে একই পয়েন্টে বিএনপি অবরোধ প্রতিরোধের ঘোষণা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক বিডিআর মোতায়েন করা হয়েছে।
এ ছাড়াও মহাসড়কটির মাওয়া পয়েন্টে ও শ্রীনগরের ছনবাড়ি পয়েন্ট, ভবের চর অবরোধ করে রেখেছে ১৪ দলের নেতাকর্মীরা। জেলার অভ্যন্তরীণ পয়েন্টগুলোতে ব্যারিকেড সৃষ্টি করায় সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সিরাজগঞ্জ: ১৪ দলের ডাকে দেশব্যাপী অবরোধ কর্মসূচির প্রথম দিনে তিনটি যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে।
রোববার ভোর ৬ টা থেকে ১৪ দলের নেতাকর্মীরা যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের নলকা, হাটিকুমরুল রোড গোলচত্বর এলাকায় অবরোধ সৃষ্টি করে। এসময় নলকা এলাকায় অবরোধকারীরা একটি ঢাকাগামী কোচ ও দুটি ট্রাক ভাংচুর করে। হাটিকুমরুল গোলচত্বর এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে কয়েক শ নেতাকর্মী বৈঠা-লগি নিয়ে সকাল থেকে মহাসড়কে অবস্থান নেয়। তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে তিন শতাধিক যানবাহন আটকা পড়ে।
ফরিদপুর: ১৪ দলের নেতাকর্মীরা ঢাকা-ফরিদপুর-বরিশাল-খুলনা রুটে কোন যানবাহন চলাচল করতে দেয়নি। নেতাকর্মীরা রাজবাড়ী সড়কের মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য এসএম নুরুন্নবী, বিপুল ঘোষ, হাসিবুল হাসান লাবলু প্রমুখ। এসময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সকালের দিকে একটি সার্টেল ট্রেন রাজবাড়ী থেকে ছেড়ে গেলেও জগতি রেলওয়ে স্টেশনে অবরোধকারীরা তা আটকে দেয়। রাজশাহী থেকে আন্তঃনগর মধুমতি এবং খুলনা থেকে নকশী কাঁথা ট্রেন দুটি অবরোধের কারণে রাজবাড়ী রেলপথে চলাচল করেনি। এছাড়াও দূরপাল্লার এবং আভ্যন্তরীন রুটে কোন যানবাহন চলেনি।
রাজবাড়ী: সকালের দিকে একটি শাটল ট্রেন রাজবাড়ী থেকে ছেড়ে গেলেও জগতি রেলওয়ে স্টেশনে অবরোধকারীরা তা আটকে দেয়। রাজশাহী থেকে আন্তঃনগর মধুমতি এবং খুলনা থেকে নকশী কাঁথা ট্রেন দুটি অবরোধের কারণে রাজবাড়ী রেলপথে চলাচল করেনি। এ ছাড়া দূরপাল্লার এবং অভ্যন্তরীণ রুটে কোন যানবাহন চলেনি।
১৪ দলের নেতাকর্মীরা রোববার ভোর থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দের মোড় এবং রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়ক রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় অবস্থান নিয়ে সড়ক দখল করে সমাবেশ করে। আইন শৃঙ্খলা রক্ষায় মহাসড়কসহ গুরুত্বপূর্র্ণ স্থানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁদপুর: অবরোধের প্রথমদিনে রোববার কচুয়ায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন। ছাত্রলীগ কর্মী মামুনকে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে ছাত্রদল নেতা বোরহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সকালে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে ছাত্রদল কর্মী বোরহান (১৮) ক্রিকেট খেলছিল। এ সময় মাঠের পাশ দিয়ে যাওয়া আওয়ামী লীগের মিছিল থেকে ছাত্রলীগ কর্মী মামুনসহ ৫/৬ জন বোরহানকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মারধর করে। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, আটককৃত ছাত্রলীগ কর্মী মামুনের বিরুদ্ধে ১৪৩ ও ৩২৫ ধারায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার উয়ারুক রেলস্টেশনে ১৪ দলের নেতাকর্মীরা সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত ১ ঘন্টা লাকসাম থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী ১৭২ নম্বর ডাউন ট্রেন আটকে রাখে। এছাড়া চাঁদপুর থেকে বাস ও লঞ্চসহ কোন যানবাহন চলাচল করেনি।
নরসিংদী: অবরোধ কর্মসূচির প্রথম দিন রোববার সকালেই কার্যত অচল হয়ে পড়ে নরসিংদী। বন্ধ হয়ে যায় সব ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল।
রোববার সকাল থেকে জেলার শিবপুর উপজেলার ইটাখলার মোড় ১৪ দলের নেতার্মীরা অবরুদ্ধ করে রাখে। এছাড়া জেলা আওয়ামী লীগসহ ১৪ দলের নেতৃবৃন্দ ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর এলাকায় ব্যারিকেড দেয়। ঢাকা থেকে আশা আন্ত:নগর ট্রেন কর্ণফুলিকে আটকে রাখলে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।
কিশোরগঞ্জ: অবরোধ কর্মসূচি চলাকালে কর্মী-সমর্থকরা রেলপথে ব্যারিকেড দিলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া সড়কপথে বাস-ট্রাকসহ দূরপাল¬ার যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্ত:নগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে এগারটার দিকে কিশোরগঞ্জ ও গচিহাটার মাঝামাঝি স্থানে অবরোধের মুখে পড়ে। অবরোধ কর্মসূচির পক্ষে নেতা-কর্মীরা ব্যারিকেড স্থাপনসহ রেলপথের ওপর অবস্থান নিলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা পর ব্যারিকেড তুলে নিলে ট্রেনটি কিশোরগঞ্জ এসে পুনরায় ৩টার দিকে ঢাকা রওনা দেয়। ইতিপূর্বে সকাল ৬ টায় ঢাকাগামী আন্ত:নগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে কিশোরগঞ্জ ছেড়ে গেলেও সকাল ৮ টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবরোধের মুখে আটকে যায়। এছাড়া কিশোরগঞ্জমুখী ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনটি সকাল থেকেই ময়মনসিংহের গৌরীপুর ষ্টেশনে অবরোধের মুখে আটকা পড়ে আছে। সকাল থেকেই ১৪ দলের নেতা-কর্মীরা কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের কাটাবাড়ীয়া বড়পুল এলাকায় এবং কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বিন্নাটি চৌরাস্তা ও চৌদ্দশত এলাকায় অবস্থান গ্রহণ করে মিছিল সমাবেশ করে।
বাগেরহাট: সকালে আওয়ামী লীগসহ ১৪ দল জেলার ১৩ টি পয়েন্টে পিকেটিং করে। অবরোধে সকল রুটে যান চলাচল বন্ধ ছাড়াও মংলা বন্দরের কন্টেইনার ইয়ার্ডে কাজ হয়নি।
এছাড়া আদালতসহ জেলা শহরের বিভিন্ন সরকারি অফিসে স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটেছে। চিতলমারী, মোরেলগঞ্জ, ফকিরহাট ও রামপালে ১৪ দল মিছিল সমাবেশ করেছে। একমাত্র রামপাল উপজেলার দু-একটি পয়েন্টে ১৪ দলের পাশাপাশি চার দলীয় জোট সমর্থকদের দেখা গেছে। তবে রোববার বিকেল পর্যন্ত জেলার কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি।
হবিগঞ্জ: কার্যতই হবিগঞ্জ ছিল অচল। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ১৪ দলের দখলে ছিল রাজপথ। দুপুরের পর শহরে কিছু রিকশা, বেবী ট্যাক্সি ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেলেও দূর পাল্লার কোন যান চলাচল করেনি। রেলপথও ছিল অবরুদ্ধ। ৮টার দিকে আখাউড়া থেকে সিলেটগামী কুশিয়ারা লোকাল ট্রেনটি শায়েস্তাগঞ্জ আসামাত্র অবরোধকারীরা তা আটকে দেয়। স্কুল, অফিস-আদালতে উপস্থিতিও ছিল কম। শহরে সারা দিন পুলিশ ও র্যাবের টহল ছিল চোখে পড়ার মতো।
সাভার: সকালে অবরোধকারীরা ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে জনসেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বাসে অগ্নি সংযোগের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আশুলিয়া থানা পুলিশ চিশতি, সজিব ও মিন্টু নামের তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে।
সকাল ১০ টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংঘঠনের শত শত নেতা-কর্মী ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। এ সময় অবরোধকারীরা মহাসড়কে টায়ারে পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে বাজার বাসস্ট্যান্ডে পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর গনির সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন খান ইমু, মুরাদ, জং, জাহাঙ্গীর আলম, আলী হায়দার, মাসুদ চৌধুরী, আ. হালিম, পাভেল, রঞ্জনদাস রুনু প্রমূখ।
এইক সময় আশুলিয়া এলাকায় যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ বের করে।
সকাল ১১টার দিকে ধামরাইয়ে ১৪ দলের নেতা-কর্মীরা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় বক্তব্য রাখেন-বেনজির আহমেদ, আবুল হোসেন, সাখাওয়াত হোসেন সাকু, মিজানুর রহমান প্রমূখ।
রাজশাহী: রাজশাহী থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ দেশের কোন স্থানেই যানবাহন চলাচল করেনি। অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকা, খুলনা, নীলফামারী, যশোর, সিরাজগঞ্জের উদ্দেশ্যে যেসব আন্তঃনগর ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল তা বাতিল করা হয়। রাজশাহী-ঢাকা বিমানের নির্ধারিত ফ্লাইটটিও বাতিল হয়।
সকাল সাড়ে ১০ টা থেকেই ১৪ দলের নেতা কর্মীরা অবরোধ সৃষ্টির জন্য মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে। নগরীর ভদ্রা, লক্ষীপুর,কাশিয়াডাঙ্গা, গোরহাঙ্গা রেলগেট, সাহেব বাজার জিরো পয়েন্ট, তালাইমারী, ও কাটাখালি সহ ১৪ টি পয়েন্টে অবরোধ সৃষ্টি করে তারা। সেখানে মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ রফিকউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফজলে হোসেন বাদশা, এএইচএম খায়রুজ্জামান লিটন, আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, জুলফিকার মান্নান জামী, মুস্তাফিজুর রহমান খান আলম, জিনাতুন নেসা তালুকদার প্রমুখ।
