তিন স্তরবিশিস্ট কড়া নিরাপত্তা বেষ্টনীতে সচিবালয়
তিন স্তরবিশিস্ট কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শনিবারও জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের কয়েকটি দপ্তরে কাজ হয়েছে। তবে নীতি-নির্ধারণী কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়নি। কোন সচিবও সচিবালয়ে যাননি। তবে অফিস করেছেন বেশ কিছু কর্মকর্তা ও কর্মচারী।
এর আগে শুক্রবার গভীর রাতে সংস্থাপন সচিব ড. মাহবুবুর রহমানকে বদলি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করার বিষয়টি প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেও শনিবার পর্যন্ত কোন প্রজ্ঞাপন জারি করা হয়নি। ফলে সংস্থাপন সচিব পদে বস্ত্র ও পাট সচিব এএফএম সোলায়মান চৌধুরীর বদলির সিদ্ধান্তও কার্যকর হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাংবাদিকদের সাথে সংস্থাপন সচিব ড. মাহবুবের সুসম্পর্ক এবং বন্ধের দিনেও সচিবালয়ে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার নিয়ে সরকারের একটি অংশ তার ওপর ক্ষুব্ধ ছিল। এ অবস্থায় সম্প্রতি তিনি একটি বেসরকারী টিভি চ্যানেলসহ কয়েকটি সংবাদপত্র ও সংবাদ সংস্থার সাংবাদিকদের সাক্ষাতকার দিলে সরকার তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে তাকে বাধ্যতামূলক অবসর নাকি বদলি করা হবে, তা নিয়ে দ্বিমত ছিল সংশ্লিষ্টদের মধ্যে।
এ অবস্থায় শুক্রবার রাতে সংস্থাপন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) শাখার যুগ্ম সচিবকে গভীর রাতে ডেকে সংস্থাপন সচিবকে সরানোর সার সংক্ষেপ তৈরি ও প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। রাতেই ফাইলটি অনুমোদন করা হয়। তবে শনিবার পর্যন্ত আদেশ জারি করা হয়নি।
তবে অন্য একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (যুগ্ম সচিব) মাহফুজুর রহমানের পদোন্নতি সংক্রান্ত একটি ফাইল সংস্থাপন সচিবের কাছে তোলা হয়। কিন্তু তিনি ওই ফাইলটিতে স্বাক্ষর করতে চাননি। গাইবান্ধা এলাকার ওই কর্মকর্তার পদোন্নতির ফাইলে স্বাক্ষর না করায় একটি বিশেষ ভবনের প্রভাবশালীরা তার ওপর ক্ষুব্ধ হন।
এ অবস্থায় সরকারের দায়িত্ব হস্তান্তরের আগে ওই ভবনের লোকজন এমন একজন সচিবকে ওই পদে রেখে যেতে আস্থা পাচ্ছিলেন না। তাই তাকে সরিয়ে ওই পদে তাদের আস্থাভাজন এবং গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ফেনীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী বহুল আলোচিত সচিব এএফএম সোলায়মান চৌধুরীকে সংস্থাপন সচিব করার সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি শাখায় কাজ চলে। তবে যথারীতি শুক্রবারের মতো শনিবারও পরিচয়পত্র থাকা সত্ত্বেও সাংবাদিকদের সচিবালয়ে ঢুকতে দেয়া হয়নি। তাদের সচিবালয়ে প্রধান ফটকেই আটকে দেয়া হয়।
সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহকারী কমিশনার (সচিবালয়) হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে সচিবালয়ে সাংবাদিকদের ঢুকতে দেয়া হচ্ছে না। তবে নির্দেশ পাওয়া গেলে আবারো স্বাভাবিকভাবে সাংবাদিকদের প্রবেশ ও কাজকর্ম করতে দেয়া হবে।
সচিবালয় সূত্র জানায়, শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে বিভিন্ন টিআর ও জিআর প্রকল্পের কিছু ফাইল তৈরি ও অনুমোদন করা হয়েছে। সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে এসব প্রকল্প অনুমোদন করা হয়েছিল। সংশ্লিষ্ট মন্ত্রীরা দায়িত্ব হস্তান্তরের আগেই এসব ফাইল চূড়ান্ত করতেই বন্ধের দিনও কিছু কর্মকর্তা ও কর্মচারীকে কাজ করতে হয়েছে।
এদিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিচারপতি কেএম হাসানকে রুখতে বিরোধী দলের কর্মসূচি এবং সরকারের বিদায়ের দিন সম্ভাব্য গোলযোগের আশংকায় শুক্রবার রাত থেকেই সচিবালয় এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে।
দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা কে জানান, সচিবালয়ের ভেতরে এবং বাইরে সব মিলিয়ে প্রায় ৩০ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বিডিআর সদস্য মোতায়েন করা হয়েছে। এদের নিয়ে সচিবালয়ের বাইরেই গড়ে তোলা হয়েছে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী।
সচিবালয়ের বাইরে চতুর্দিকের দেয়াল এবং সচিবালয়ের প্রধান ফটকসহ ভেতরের বিভিন্ন অংশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া সচিবালয়ের পাশে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত সড়ক ও আব্দুল গণি সড়কে ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
