সংকটের মুখে দেশ
–দেশবাসী যখন ঈদের উৎসব পালন করছে ঠিক সেই সময় দেশকে একটা সংকটের দিকে ঠেলে দিয়েছেন রাজনীতিকরা। গত ২৪ ঘন্টায় রাজনেতিক অঙ্গনে একের পর এক ঘটে চলে চরম নাটকীয় সব ঘটনা। তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ক্ষমতাসীন জোটের কেএম হাসানকে মেনে নেওয়ার প্রস্তাব উড়িয়ে দিয়েছেন বিরোধী রাজনীতিকরা। আর হাসানকে না মানলে সংলাপের কোনো ভবিষ্যত নেই বলে জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ।
এর আগে প্রধান উপদেষ্টা হিসেবে হাসানকে না মানলে প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজকে মেনে নেওয়ার জন্য আওয়ামী লীগের প্রতি বিএনপি মহাসচিব আহবান জানিয়েছিলেন। এ প্রস্তাব আগেই নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ প্রধান শেখ হসিনা।
কে হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান- এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বিবদমান রাজনীতিকদের এখন সময়ের সঙ্গে পাল্লা দিতে হচ্ছে। কেননা ২৭ অক্টোবরেই শেষ হয়ে যাচ্ছে বর্তমান সরকারের মেয়াদ।
বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে মান্নান ভূঁইয়া সাফ জানিয়ে দিয়েছেন, “‘বর্তমান পরিস্থিতিতে কে এম হাসানকে বাদ দেয়া সম্ভব নয়। যে কোনো সমঝোতা করতে হলে তাঁকে ঠিক রেখেই করতে হবে। সংবিধান রক্ষা ও সাংবিধানিক ব্যবস্থা অক্ষুন্ন রাখতে এর কোনো বিকল্প নেই।”
এর পরপর বিরোধী ১৪ দলীয় জোট সংবাদ সম্মেলনের আযোজন করে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল সংলাপ ব্যর্থ ও দেশকে সংঘাতের মুখে ঠেলে দেয়ার জন্য বিএনপিকে দায়ী করেন। তিনি বলেন, “ঈদের দিন বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া দেশকে সংঘাত উপহার দিয়েছেন।”
জলিল বলেন, “মান্নান ভূঁইয়া প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের ব্যাপারে অসত্য কথা বলে জাতির সঙ্গে প্রতারণা করেছেন। ভেঙ্গে দিয়েছেন সংলাপ। সেই সঙ্গে দেশকে ঠেলে দিয়েছেন সংঘাতের মুখে।”
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ৬ষ্ঠ দফার সংলাপে মান্নান ভূঁইয়া হাসানের পরিবর্তে এম এ আজিজের নাম প্রস্তাব করেন। কিন্তু পরে মান্নান ভূঁইয়া তাঁর প্রস্তাব থেকে পিছু হটে আসেন। কেননা তাঁরা অনুধাবন করতে পারেন যে সংবিধান অনুযায়ী আজিজ প্রধান উপদেষ্টা হতে পারেন না।
বিদায়ী স্থানীয় সরকারমন্ত্রী স্পষ্টভাবে এটা জানিয়ে দিয়েছেন যে হাসান প্রশ্নে তারা কোন আপস করবেন না।
এদিকে জলিল নির্বাচনী সংস্কার নিয়ে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সংলাপ আবারো শুরু করা জন্য বিএনপির প্রতি আহবান জানিয়ে বলেন, হাসান ২৮ অক্টোবর প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলে লগি-বৈঠা নিয়ে ঢাকা অবরোধ করা হবে। অচল করে দেয়া হবে পুরো দেশ।
জলিল বলে দিয়েছেন, হাসানের অধীনে কোন নির্বাচন হতে দেয়া হবে না।
