২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমিরউদ্দীন সরকার ও মোজাহার হোসেনের প্রার্থীতার প্রতি সমর্থন

আগামী নির্বাচনে পঞ্চগড়-১ আসনে (সদর, আটোয়ারী, তেঁতুলিয়া) স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার ও পঞ্চগড়-২ আসনে বর্তমান সংসদ সদস্য মোঃ মোজাহার হোসেনের প্রার্থীতার প্রতি সমর্থন জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার এক ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় জেলা বিএনপিসহ দুটি  পৌর ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সমর্থন জানানো হয়।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি এ ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার পূর্ব আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ হাসান প্রধান তার বক্তব্যে আগামী নির্বাচনে স্পিকার জমিরউদ্দীন সরকার ও মোঃ মোজাহার হোসেনকে সমর্থনের ঘোষণা দিলে উপস্থিত নেতৃবৃন্দ করতালি দিয়ে স্বাগত জানান।

জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রার্থীতা ঘোষণা ও সমর্থনের কথা স্বীকার করেছেন।

আলোচনা সভায় স্পিকার বলেন, চারদলীয় জোট সরকার পঞ্চগড়সহ সারাদেশে ব্যাপক উন্নয়নমূলক  কাজ করেছে। নিয়ন্ত্রণে রেখেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি । সার্বিকভাবে নানা কল্যাণমূলক কাজ করার মধ্য দিয়ে সবসময় জনগণের পাশে থেকেছে।

সংলাপ ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, চারদলীয় জোটের আন্তরিকতার কারণেই সংলাপের টেবিলে সংস্কার--আলোচনা গড়িয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি ও পৌর চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ হাসান প্রধান, বিএনপি নেতা জাহিরুল ইসলাম কাচ্চু, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল ও আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

স্পিকার বুধবার দু’দিনের সফরে পঞ্চগড়ে এসে সদর উপজেলার চাকলা নমলা গ্রামে পাংগা নদীর ওপর এবং হাড়িভাষা-জিন্নাতপাড়া গ্রামে নবনির্মিত দুটি সেতুর উদ্বোধন করেন। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অনুদানের চেকও তিনি বিতরণ করেন।