২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাটার বিনিয়োগ প্রস্তাব নিয়ে এখনও আলোচনা চলছে: নিজামী

টাটার বিনিয়োগ প্রস্তাব সরকার প্রত্যাখ্যান করেনি, বরং এ নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও আলোচনা চলছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

সোমবার শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষা করে যে কোন দেশের বিনিয়োগ প্রস্তাব গ্রহণে সরকার সম্মত রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত পাঁচ বছরে দেশে সার ব্যবস্থাপনায় কোন সংকট ছিল না। ভরা মৌসুমে চাহিদা বেড়ে যাওয়ায় কিছুটা সংকট দেখা দিলেও সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সে সমস্যার সমাধান করেছে।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে সারের চাহিদা প্রায় ২৬ থেকে ২৮ লাখ মেট্রিক টন। এর বিপরীতে বর্তমানে ১৮ লাখ মেট্রিক টন সার উৎপাদিত হচ্ছে যার টন প্রতি উৎপাদন ব্যয় প্রায় ছয় হাজার টাকা। সারের বাড়তি চাহিদা পূরণে উৎপাদনের পাশাপাশি সরকার আন্তর্জাতিক বাজার থেকে প্রতি টন প্রায় ২০ হাজার টাকায় কিনে চার হাজার ৮০০ টাকা দরে সরবরাহ করছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জোট সরকারের পাঁচ বছরের বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব নূরুল আমিন এবং চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।