ধর্মঘট, দক্ষিণাঞ্চলের সাথে ৬৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ
বিআইডব্লিউটিএ আরোপিত আইন প্রত্যাহারের দাবিতে লঞ্চ শ্রমিক সমিতির ডাকা ধর্মঘটের ফলে দক্ষিণাঞ্চলের সাথে ঢাকাসহ ৬৫টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া বরিশাল লঞ্চ টার্মিনালে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে নৌযান শ্রমিক ফেডারশনের ব্যানারে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশও করে।
এদিকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় নিষেধাজ্ঞা অমান্য করে বিআইডব্লিউটিএ নির্দেশিত ‘ডেঞ্জার পয়েন্ট’ দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
লঞ্চ শ্রমিক ইউনিয়নের অভিযোগ, কয়েক মাস আগে বিআইডব্লিউটিএ তাদের উপর কয়েকটি আইন চাপিয়ে দেয়। এর আগে ওই কালো আইন বাতিলের দাবিতে ধর্মঘট আহ্বান করা হলেও বিআইডব্লিউটিএ-এর অনুরোধে তা প্রত্যাহার করা হয়। কিন্তু এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে তিনি সাফ জানিয়ে দেন।
তবে বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বশিরউদ্দিন ধর্মঘটকে অযৌক্তিক দাবি করে বলেছেন, যে শ্রমিকরা মালিকদের স্বার্থে এই ধর্মঘট ডেকেছেন সেই শ্রমিকদের পায়ের তলায় মাটি নেই। কারণ মালিকরাই তাদের চাকুরীর নিয়োগপত্র না দিয়ে শ্রম আইনের প্রাথমিক ধাপটিই অমান্য করছেন।
