২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ ব্যর্থ করে দেশকে সংঘাতের মুখে ঠেলে দিতে চায় বিএনপি-জামাত জোট: হাসিনা

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা অভিযোগ করেছেন, বিএনপি-জামাত জোট চলমান সংলাপ ব্যর্থ করে দিয়ে দেশকে সংঘাতের মুখে ঠেলে দিতে চায়। তারা চলমান রাজনৈতিক সমস্যার সমাধান চায়না। ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের ভোট চুরি করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 02:10 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

তিনি বলেন, তার দল সংলাপের ব্যাপারে ধৈর্য ধারণ করবে এবং তা সফল করার চেষ্টা চালিয়ে যাবে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমান বন্দরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের একথা বলেন।

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মধ্যে চলমান সংলাপকে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ‘সময়ের অপচয়’ হিসেবে অভিহিত করার একদিন পর শেখ হাসিনা এই মন্তব্য করলেন।

শেখ হাসিনা বলেন, ‘অর্থমন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে তারা দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছেন। সংলাপ ব্যর্থ করতে চাচ্ছেন। নিশ্চয়ই নির্বাচনে কারচুপি করারও দূরভিসন্ধি তাদের রয়েছে।’

সংলাপ দীর্ঘায়িত হলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের করনীয় কি, এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমাদের ধৈর্য ধরতে হবে, দেখি তারা কি করে। আমরা দেশকে সংঘাতের মুখে ঠেলে দিতে চাইনা। যদি চাইতাম তাহলে ২১ আগস্টের পর দেশে গৃহযুদ্ধ লেগে যেতো পারতো।

শেখ হাসিনা বলেন, দেশের জনগণ সমস্যার সমাধান চায়। বিএনপি-জামাত জোটের দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ভোট চুরি ঠেকানোর জন্য জনগণের প্রতি আহবানও জানান তিনি।

শেখ হাসিনা সকাল ৮টা ৫ মিনিটি ব্রিটিশ এয়ারওয়েজের বিএ-১৪৪ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন। তবে তার আগে তিনি যুক্তরাজ্যে যাত্রাবিরতি করবেন। তিনি ২২ অক্টোবর দেশে ফিরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।