২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীতে নির্বাচিত হলে পার্বত্যবাসীর দাবী পূরণ করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার বলেছেন, আগামীতে নির্বাচিত হলে পার্বত্যবাসীর সকল দাবী পূরণ করা হবে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

তিনি বলেন, পার্বত্যবাসীর সকল দাবীই পূরণ করা সম্ভব। কিন্তু তার জন্য এখানে শান্তি--শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

রাঙ্গামাটি স্টেডিয়ামে বুধবার স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী খালেদা জিয়া একথা বলেন।

প্রধানমন্ত্রী বিরোধী দলের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না বলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, স্বপ্ন দেখা ভালো, তবে বাঁকা পথে নয়, সোজা পথে। বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই, নির্বাচনই ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ।

জেলা বিএনপি সভাপতি আলহ্বাজ নাজিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সংসদবিষয়ক উপদেষ্টা সালাহউদ্দীন কাদের চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ, শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী আমান উলাহ আমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো সে সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও নির্বাচন কমিশনার ছিলেন বিতর্কিত। আমরা তখন অনেক আন্দোলন করেছি। কিন্তু আমাদের কোন কথা মানা হয়নি। বর্তমানে আওয়ামী লীগও সেই একই আন্দোলন করছে। তাদের এই আন্দোলনে কিছুই হবে না। তত্ত্বাবধায়ক সরকার এলে যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পার্বত্য চট্টগ্রামের বিষয়ে তিনি বলেন, শান্তি--শৃঙ্খলা বজায় থাকলে এখানে বিদেশী পর্যটকরা আসবে এবং পার্বত্য চট্টগ্রামের আয় বৃদ্ধি পাবে। শান্তি--শৃঙ্খলার জন্য পাহাড়ী এলাকা এবং সমতলের মানুষকে মিলেমিশে থাকতে হবে।

পার্বত্য চট্টগ্রামবাসীর বহুল প্রতীক্ষিত মোবাইল নেটওয়ার্কের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিচার বিশ্লেষণ করছি, সময়মতো দেওয়া হবে।

এর আগে পার্বত্য বিষয়ক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান তার বক্তব্যে পার্বত্যবাসীর পক্ষে মোবাইল নেটওয়ার্ক, মেডিকেল কলেজ হাসপাতাল, হেডম্যান ভাতা বৃদ্ধি ও শিক্ষকদের জন্য পাহাড়ী ভাতার দাবী জানান।

এদিকে প্রধানমন্ত্রী পার্বত্যবাসীর বিভিন্ন দাবি--দাওয়া কৌশলে এড়িয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে মোবাইল নেটওয়ার্কের বিষয়ে প্রধানমন্ত্রীর সাংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দীন কাদের চৌধুরীর বক্তব্যে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়।

এমনকি মোবাইল নেটওয়ার্কের বিষয়ে কোন ঘোষণা না দেওয়ায় ক্ষুদ্ধ মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে হাততালি দেওয়া থেকেও বিরত থাকে। ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে করতে তারা জনসভাস্থল ত্যাগ করেন। স্থানীয় বিএনপি নেতা--কর্মীরাও এ বিষয়ে হতাশ ও ক্ষুব্ধ।

এর আগে প্রধানমন্ত্রী সাপছড়ির শূকরছড়িতে নবনির্মিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ভেদভেদীতে নবনির্মিত রাঙ্গামাটি যুব প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন।

এছাড়া প্রধানমন্ত্রী  রাঙ্গামাটিতে পৌঁছেই রাঙ্গামাটি সার্কিট হাউসে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) এবং পার্বত্য চট্টগ্রামের তিন রাজার মধ্যে চাকমা সার্কেল প্রধান ব্যারিস্টার দেবাশীষ রায়, বোমাং সার্কেল প্রধান অংশৈ প্র“ চৌধুরীর ছেলে চৌহ্লা প্র“ জেমি ও  মং সার্কেল প্রধান পাইহু প্র“ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।