দিনাজপুরে ৯টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিন ঘণ্টারও কম সময়ের সফরে প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার দিনাজপুরে ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৯টি প্রকল্প উদ্বোধন এবং শিক্ষা বোর্ড উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
দুপুর সোয়া ২ টার দিকে প্রধানমন্ত্রী দিনাজপুরে পৌঁছেন। পরে তিনি একে একে জেলা কালেক্টরেট ভবন, বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান ছাত্রাবাস, বাসের হাট মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস সেন্টার, তৈয়বা মজুমদার রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্র ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করেন।
তবে সময় স্বল্পতার জন্য দিনাজপুর আঞ্চলিক মৃত্তিকা গবেষণাগার, বধির ইনস্টিটিউট, ডায়াবেটিক ও নন - ডায়াবেটিক রোগীর উন্নত চিকিৎসা সেবা ও পুনর্বাসন প্রকল্প এবং দিনাজপুর রিমডেলিং রেল স্টেশনের উদ্বোধনের কথা থাকলেও শেষপর্যন্ত তিনি পারেননি।
তাঁর এই সফরকালে সঙ্গী ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, মন্ত্রী পরিষদ সদস্য এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শেষে শহরের ফরিদপুর গোরস্থানে তার পিতা ও বড় বোনের কবর জিয়ারত করেন। পরে বিকেল ৫টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
