২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বর্জন ও বিশৃঙ্খলা করলে ৫৮ সিটও থাকবে না: কচুয়ায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া সোমবার চাঁদপুরের কচুয়ায় অনুষ্ঠিত এক জনসভায় আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘নির্বাচন বর্জন করলে ও বিশৃঙ্খলা করলে আপনাদের ৫৮ সিটও থাকবে না। আপনাদের জায়গা অন্য কেউ দখল করে নেবে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

তিনি বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে কিছুই হবে না। কিন্তু একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

বিএনপির চেয়ারপার্সন বলেন, তত্ত্বাবধায়ক সরকার একটি সাংবিধানিক সরকার। সেই সরকারের আমলে কেউ অরাজকতা সৃষ্টি করলে সরকারের উচিত হবে কঠোর হাতে তা দমন করা।

প্রধানমন্ত্রী সোমবার বিকেলে কচুয়া উপজেলার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে বিএনপির এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

স্থানীয় সাংসদ ও শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব এমএ হারিছ চৌধুরী, এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া এবং জেলা বিএনপির সভাপতি এসএ সুলতান টিপু এমপিসহ স্থানীয় নেতারা।

প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে জেলায় জেলায় এবং থানায় থানায় গডফাদার সৃষ্টি করেছিল। এই কচুয়ায়ও একজন গডফাদার ছিল, কিন্তু আজ দেশে কোনও গডফাদার নেই।

এর আগে প্রধানমন্ত্রী কচুয়া উপজেলা ডাকবাংলো, চাঁদপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, কচুয়া পৌরসভা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, কচুয়া ফায়ার স্টেশন এবং ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন।