২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের গণআদালতে আরো দুটি মামলার শুনানী অনুষ্ঠিত

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও বিদ্যুৎ সংকটের জন্য দায়ী ব্যক্তিদের ‘গণ’ বিচারের দাবিতে চট্টগ্রামে গঠিত জনতার আদালতের দ্বিতীয় দিন শুক্রবার দুর্নীতি ও পানি সংকট সংক্রান্ত আরও দুটি মামলার শুনানী অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2006, 10:05 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

দ্বিতীয় দিনে প্রখ্যাত আইনজীবি ড. কামাল হোসেন মামলার বাদীর পক্ষে শুনানীতে অংশ নেন। বিচারক প্যানেলে ছিলেন বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী।

দুর্নীতি ও পানি সংকট সংক্রান্ত মামলা দুটি দায়ের করেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক রতন কুমার রায় ও প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার।

রতন কুমার রায় তার মামলায় বিপুল পরিমাণ অর্থ লোপাটের অভিযোগে প্রধানমন্ত্রী ও তার পুত্র তারেক রহমানসহ জোট সরকারের ১১ জন মন্ত্রীকে আসামী করেছেন।

আবেদনকারী বলেন, এই সিন্ডিকেটটি সর্বশেষ পাঁচ বছরে দেশের ২৫টি সরকারি খাত থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা লোপাট করেছে।

পানি সংকট মামলার বাদী দেলোয়ার হোসেন মজুমদার এলজিআরডি মন্ত্রী, এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব ও চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানকে আসামী করে বলেছেন, নিয়মিত পানি সংকটের ফলে নগরবাসীর জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।

ড. কামাল আদালতে বলেন, এই গণআদালত গঠন বর্তমান সরকারের বিরুদ্ধে বিচারের একটি প্রাথমিক পদক্ষেপ। আসন্ন জাতীয় নির্বাচনে নীরব ভোট বিপ্লবের মাধ্যমে হবে চূড়ান্ত বিচার।

গণআদালতে প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খাইরুল ইসলাম, অ্যাড. শফিকুল ইসলাম ও অ্যাড. আনোয়ারুল ইসলাম চৌধুরী বিচারক প্যানেলে অন্তর্ভুক্ত ছিলেন।