বিশেষ মহলের স্বার্থে সরকার তড়িঘড়ি করে শ্রম আইন পাস করেছে: ড. কামাল
প্রখ্যাত আইনবিদ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সদ্য পাস করা বাংলাদেশ শ্রম আইন সংশোধনের দাবি জানিয়ে বলেছেন, এমন কোন আইন প্রণয়ন করা উচিত নয়, যা মানুষের কল্যাণে আসে না।
তাই কোন আইন প্রণয়নের আগে সব শ্রেনী ও পেশার মানুষের মতামত, বিশেষ করে সংশ্লিষ্ট পেশাজীবীদের মতামত নিতে হয়।
কর্মজীবী নারী আয়োজিত ‘বাংলাদেশ শ্রম আইন ২০০৬’ শীর্ষক মতবিনিময় সভায় বৃহস্পতিবার তিনি একথা বলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা আওয়ামী লীগ সাংসদ শাজাহান খান, শফিকুর রহমান মজুমদার, বিলস-এর পরিচালক সুলতানউদ্দিন আহম্মেদ, কর্মজীবী নারীর সভাপতি শিরীন আক্তার, শ্রম আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট এসএ হক ও মাহবুবুল হক প্রমুখ।
এতে মূল বক্তব্য উপস্থাপন ও সভা পরিচালনা করেন সংস্থার কর্মকর্তা অলক সরকার।
ড. কামাল হোসেন আরো বলেন, বিশেষ মহলের স্বার্থে সরকার তড়িঘড়ি করে সংসদে শ্রম আইন পাস করেছে। এ আইন প্রণয়নের আগে কারো কোন মতামত নেয়া হয়নি। শ্রমিক ও পেশাজীবীদের কল্যাণের স্বার্থেই এ আইন সংশোধন করা দরকার।
শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আওয়ামী লীগ সাংসদ শাজাহান খান বলেন, পাস করা আইনে কমিটির সুপারিশ অগ্রাহ্য করে বেশ কিছু বিষয় সংযুক্ত করা হয়েছে। কিছু বিষয়ে আমার আপত্তিও সরকার গ্রহণ করেনি। এসব বিষয় এড়িয়েই সংসদে আইনটি পাশ করা হয়েছে, যা শ্রমিকদের কোন কাজে আসবে না।
শফিকুর রহমান মজুমদার বলেন, সংসদে পাস হওয়া শ্রম আইন শ্রমিকদের পক্ষে নয়, এটি মালিকদের পক্ষের আইন। এ আইনের মাধ্যমে হাজার হাজার শ্রমিককে চাকরি হারাতে হবে। এই আইন মেনে নেয়া শ্রমিকদের জন্য আত্মঘাতী হবে।
