চট্টগ্রামে গণআদালতে দুটি মামলার শুনানি শুরু
চট্টগ্রামে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের তিন দিনের গণআদালতের প্রথম দিনে বৃহস্পতিবার দুটি মামলার শুনানি শুরু হয়েছে। মামলা দুটির একটি দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও অন্যটি বিদ্যুৎ সংকট সংক্রান্ত।
একটি বিচারক প্যানেল প্রধানমন্ত্রী ও সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিসহ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্তের দায়ের করা ওই দুটি মামলার শুনানি গ্রহণ করেন।
চট্টগ্রাম শহীদ মিনারে বিকেল ৩টা ৩২ মিনিটে শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী ওই গণআদালতে শত শত মানুষ ও পথচারী উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খাইরুল ইসলাম, অ্যাড. শফিকুল ইসলাম ও অ্যাড. আনোয়ারুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল মামলার শুনানি চলাকালে তিন সাক্ষী অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, রাজনীতিবিদ মইনুদ্দিন খান বাদল ও মোহাম্মদ মোস্তফাকে জেরা করেন।
চট্টগ্রাম সিটি মেয়র নিজে বাদী হয়ে বিদ্যুতের চাহিদা মেটাতে সম্পূর্ণভাবে ব্যর্থতার অভিযোগ এনে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবীর তালুকদারকে প্রধান আসামী করে বিদ্যুৎ সংকট মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি প্রধানমন্ত্রী ও বিদ্যুতমন্ত্রী খালেদা জিয়া, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বর্তমান বিদ্যুৎ প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার, বিদ্যুৎ সচিব এএনএইচ আখতার হোসেন, পিডিবির চেয়ারম্যান এএনএম রেদওয়ান ও প্রধান প্রকৌশলী এএইচএম আমিনুল ইসলামকেও আসামী করেছেন।
দায়েরকৃত এজাহারে বাদী অভিযোগ করেন, ক্ষমতাসীন জোট সরকার বিদ্যুৎ ব্যবস্থার কোন উন্নতি না করেই টাকার পাহাড় গড়ছে। এমনকি পবিত্র রমজান মাসেও মুসলমানরা ধর্মাবলম্বীরা বিদ্যুৎ না পাওয়ায় জীবনযাত্রা দুর্বিসহ হয়ে উঠেছে।
এতে আরো বলা হয়, অপরদিকে যারা বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমেছে তাদেরকে অভিযুক্তরা নির্যাতন ও হত্যা করছে।
অপর মামলার বাদী অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্ত দ্রব্যমূল্যের উর্দ্ধগতির মামলায় বাণিজ্যমন্ত্রী মেজর (অব.) হাফিজুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম--মহাসচিব তারেক রহমান ও টিসিবি চেয়ারম্যানকে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির জন্য দায়ী করেন।
প্রথম দিনের শুনানি শেষে বিচারকরা মামলা দুটি আমলে নেন এবং আগামীকাল পর্যন্ত আদালত মুলতবী ঘোষণা করেন।
তবে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি আদালতে অনুপস্থিত ছিলেন।
