বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনে সংলাপ
ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী আওয়ামী লীগ শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জাতীয় সংসদ ভবনের একটি কমিটি কক্ষে সংলাপে বসছে। (সংযোজিত)
দলীয় সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বুধবার বিকাল পৌণে ৪ টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিলকে টেলিফোন করেন। টেলিফোনে আলাপ করে দুজনে ওই স্থানে সংলাপে বসার বিষয়ে মতৈক্যে পৌঁছান।
জানা যায়, মান্নান ভূঁইয়া এরই মধ্যে স্পিকারকে জানিয়েেিয়ছেন, সংলাপে বসার জন্য তারা সংসদ ভবনের যে কোনো একটি কমিটির কক্ষ ব্যবহার করতে চান।
এর আগে দুপক্ষ মঙ্গলবার রাতে সংলাপের জন্য নতুন স্থান সংসদ ভবন ঠিক করলেও তারা সংলাপ অনুষ্ঠানের সময় নির্ধারণ করতে পারেননি।
সংলাপ বিষয়ে সাংবাদিকদের জানাতে আব্দুল মান্নান ভূঁইয়ার বুধবার বিকাল ৪ টায় এবং আব্দুল জলিল বিকাল সাড়ে ৪ টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তারা দু’জনেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, সংসদ ভবনের কোনো একটি কমিটি কক্ষে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় আলোচনার বিষয়ে তারা একমত হয়েছেন।
আব্দুল মান্নান ভূঁইয়াকে মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় ফোন করেন আব্দুল জলিল। তিনি সংসদ ভবনে সংলাপের বিষয়ে বিএনপি মহাসচিবকে জানান।
এছাড়া মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিসের বাসায় মান্নান ভূঁইয়া ও জলিলের চায়ের দাওয়াত বাতিল হওয়ার পর সংলাপের স্থান ও সময় নির্ধারণের ফলে এ নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান হলো।
এর আগে মান্নান ভূঁইয়া মঙ্গলবার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংলাপে বসতে চেয়েছিলেন। তবে আব্দুল জলিল এ প্রস্তাবে সম্মত হননি।
