২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ নিয়ে আবার আশা, স্থান নিয়ে মতৈক্য

ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী আওয়ামী লীগ জাতীয় সংসদ ভবনে বহুল আলোচিত সংলাপে বসার বিষয়টি চূড়ান্ত করেছে। বুধবার সেখানে দুদলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 11:19 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মঙ্গলবার রাত সাড়ে আটটায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল টেলিফোনে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সাথে এ বিষয়ে কথা বলেন। এ সময় তিনি তাঁকে সংস্কার প্রস্তাব নিয়ে সংসদ ভবনে আলোচনায় বসতে রাজী আছেন বলে জানান।

মান্নান ভূঁইয়ার সাথে টেলিফোনে কথা বলার পর জলিল সাংবাদিকদের জানান, ‘আমি তাকে ফোনে সংসদ ভবনে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছি। মান্নান ভূঁইয়াও এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন। তবে মান্নান ভূঁইয়া তাকে জানিয়েছেন যে, সংলাপের দিনক্ষণ ঠিক করার জন্য তিনি জলিলকে বুধবার সকাল ১০টার পর টেলিফোন করবেন।’

জলিল আরো বলেন, ‘আমরা বুধবার আলোচনায় বসতে পারি। চলতি সংসদ অধিবেশন শেষ হওয়ার পর সন্ধ্যায় অথবা দিনের যে কোন সময় আমরা আলোচনায় বসতে পারি। যদি বুধবার না হয়, তবে আমরা পরের দিন বৃহস্পতিবারও বসতে পারি।’ বুধবারই সংসদের অধিবেশন শেষ হচ্ছে।

সংসদের সমাপণী দিনে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বক্তব্য রাখার কথা রয়েছে।

জলিল বলেন, ভূঁইয়ার সাথে তিনি তিন থেকে চার মিনিট কথা বলেছেন। এখন আর সংলাপের স্থান প্রশ্নে আর কোন সমস্যা নেই।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিসের বাসায় মান্নান ভূঁইয়া ও জলিলের চায়ের দাওয়াত বাতিল হওয়ার পর সংলাপের স্থান নির্ধারণের ফলে এ নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান হলো।

এর আগে সোমবার জলিল বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়াকে বিউটেনিসের বাসায় চায়ের দাওয়াতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু পরদিন মঙ্গলবার মান্নান ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে বলেন, সংলাপের বিষয় নিয়ে তিনি বিউটেনিসের বাসায় আলোচনা করতে রাজী নন। তাই তিনি বিউটেনিসের ওই দাওয়াত প্রত্যাখ্যান করেছেন।

ইফতারের সময় আবদুল জলিল বিউটেনিসের বাসায় গেলেও মান্নান ভূঁইয়া মঙ্গলবার সকালে বিউটেনিসকে ফোন করে তার অপারগতার কথা জানান। পরে মার্কিন রাষ্ট্রদূত ওই দাওয়াত বাতিল করেন এবং জলিলের কাছে দুঃখ প্রকাশ করেন।

তবে মান্নান ভূঁইয়া এ জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং এর অভিযোগ আনেন।

এর আগে মান্নান ভূঁইয়া মঙ্গলবার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংলাপে বসতে চেয়েছিলেন। তবে জলিল এ প্রস্তাবে সম্মত হননি।