২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ও বর্তমান সব বিদ্যুত সচিবের সম্পদের হিসাব প্রকাশের দাবি

শুধুমাত্র একজন মন্ত্রীর অপসারণের মাধ্যমে বিদ্যুত খাতে বিরজমান সংকট সমাধান সম্ভব নয়, কারণ মন্ত্রী বিদায় নিলেও আমলাদের কোন বিচার হয় না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 09:36 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

নাগরিক সংহতি, সম্মিলিত সামাজিক আন্দোলন ও সমাজ অনুশীলন কেন্দ্র  আয়োজিত এক মতবিনিময় সভায় সোমবার দেশের বিশিষ্ট নাগরিকরা এ অভিমত ব্যক্ত করেছেন।

এছাড়া তারা সাবেক ও বর্তমান সব বিদ্যুৎ সচিবের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করারও দাবি জানান।

নগরীর পল্টনে মণিসিংহ--ফরহাদ স্মৃতি ট্রাস্টের সেমিনার কক্ষে সোমবার সকাল ১১ টায় ‘পানি ও বিদ্যুৎ সংকট নিরসনে করণীয় কি?’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সহ--সভাপতি অধ্যাপক হায়াৎ মামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুল আলম, ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ শীষ, পানি প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী এনামুল হক, বাপার সাধারণ সম্পাদক মহিদুল হক খান, সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জাসদের যুগ্ম--সম্পাদক নাজমুল হক প্রধান, শ্যামপুর পানি--বিদ্যুত সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোসলেহউদ্দিন মাসুদ, নাগরিক সংহতি সমিতির সভাপতি অধ্যাপক ড.এএসএম আতিকুর রহমান ও ভাস্কর রাসা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন সমাজ অনুশীলণ কেন্দ্রের সভাপতি ও ডাকসুর সাবেক জিএস ড. মোস্তাক হোসেন। এছাড়া লিখিত বক্তব্য স্থাপন করেন সাপ্তাহিক-২০০০ এর বিশেষ প্রতিনিধি শুভ কিবরিয়া।