যশোরে পিডিবি শ্রমিক-কর্মচারিদের লাগাতার ধর্মঘট শুরু
যশোরের নওয়াপাড়া শিল্পাঞ্চলকে নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির কাছে হস্তান্তরের প্রতিবাদে পিডিবি যশোর সার্কেলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারি মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।
শ্রমিক নেতাকর্মীরা এ ধর্মঘটের সাথে আরো জানিয়েছে, বছরে ১২কোটি টাকার বিদ্যুৎ উৎপাদনকারী নওয়াপাড়া শিল্পাঞ্চলকে পিডিবি’র কাছে হস্তান্তর না করলে বৃহস্পতিবার থেকে দক্ষিণাঞ্চলের ২১টি (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির অধীন) জেলায় ধর্মঘট শুরু হবে।
ধর্মঘট আহ্বানকারী জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারি নের্তৃবৃন্দরা অভিযোগ করে, ২০০২ সালের ২১ ডিসেম্বরে করা চুক্তির ফলে তিন মেগাওয়াটের কম লোড ধারণকারী পৌর এলাকা, জেলা শহর এবং শিল্পাঞ্চল পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে হস্তন্তর করার কথা নয় কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি যশোরের এ শিল্পাঞ্চলটিকে তাদের আওতায় নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল।
পৌর এলাকাসহ নওয়াপাড়া শিল্পাঞ্চলে বর্তমানে আট মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হয়। শ্রমিকরা জানায়, অবৈধভাবে পল্লী বিদ্যুৎ সমিতির কাছে হস্তান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে পিডিবি’র শ্রমিক-কর্মচারিরা আন্দোলন করছে। ২০০৫ সালের ১২ জানুয়ারি একই কারণে তারা অবস্থান ধর্মঘট করেছিল।
পিডিবি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, চুক্তি অনুয়ায়ী শিল্পাঞ্চল পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তরের সুযোগ নেই। তিনি আরো বলেন, প্রকৌশলীরা কাজ করায় এ মুহুর্তে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোন বিঘ্ন ঘটছে না তবে যেকোন সময় সমস্যা হতে পারে।
এ শিল্পাঞ্চল থেকে বার্ষিক পাঁচ কোটি টাকা মুনাফা অর্জিত হয়। এ অঞ্চলটিকে পল্লী বিদ্যুৎ সমিতির কাছে হস্তান্তর করা হলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি আর্থিক ক্ষতির শিকার হবে এবং এর ফলে বেশি ক্ষতিগ্রস্থ হবে এখানে কর্মরত শ্রমিক-কর্মচারিরা।
