২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি কোন হাই কমান্ডের কথায় চলি না, আমি হাইয়েস্ট কমান্ডের নির্দেশে চলি: হুদা

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, আমি হাই কমান্ডের স্বেচ্ছাচারিতামূলক নির্দেশ অনুসরন করি না, বরং সর্বোচ্চ কমান্ড মেনে চলি। আর আইনজীবীদের ফোরাম থেকে পদত্যাগের সিদ্ধান্ত কোন হাই কমান্ডের নির্দেশ অনুসারে হয়নি বলে তিনি উল্লেখ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

ব্যারিস্টার হুদা রোববার এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতির পদ থেকে তার পদত্যাগের ফলে আইনজীবীদের মধ্যে সৃষ্ট বিভ্রান্তি অবশ্যই দুর করতে হবে।

তিনি বলেন, ফোরামের ঐক্যবদ্ধকরণ প্রক্রিয়া শক্তিশালী করতেই আমি পদত্যাগ করেছি। কিন্তু কয়েকটি সংবাদপত্র তাদের প্রকাশিত বিভ্রান্তিমূলক প্রতিবেদনে দাবি করেছে, প্রধানমন্ত্রীর ধমক খেয়ে আমি পদত্যাগ করেছি। এর ফলে আইনজীবীদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, জাতীয় পত্রিকাগুলো মন গড়া কল্পকাহিনী ছাপানোর মাধ্যমে আইনজীবী সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে।

তিনি আরো বলেন, আমার পদত্যাগ সংক্রান্ত কোন নির্দেশ সর্বোচ্চ কমান্ড থেকে আসেনি।

হুদা বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে ঐক্যবদ্ধ করতে দলের হাই কমান্ডের উদ্যোগের ঘাটতি থাকায় সম্মেলনের মাধ্যমে সে ঘাটতি পূরণ করতে এবং একটি ফোরামের ঐক্যবদ্ধ উপদেষ্টা মন্ডলী ও কেন্দ্রীয় কমিটি উপহার দেওয়ার চেষ্টা করেছিলাম।

যোগাযোগ মন্ত্রী বলেন, আমার উদ্যোগ সফল না হওয়ায়, আমি স্বেচ্ছায় ফোরামের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। আমি কোন হাই কমান্ডের কথায় চলি না। কারণ দলের কেন্দ্রীয় কমিটির আমি একজন ভাইস প্রেসিডেন্ট ও খালেদা জিয়া মন্ত্রিসভার একজন শীর্ষ মন্ত্রী হওয়ার কারণে আমি নিজেও হাই কমান্ডের একজন। 

হুদা বলেন, ৭ বা ১৭ জানুয়ারি ফোরামের কাউন্সিল স্থগিত করতে হাই কমান্ডের নির্দেশের প্রেক্ষিতে আমি বিচারপতি টিএইচ খান বা ব্যারিস্টার আমিনুল হক অথবা অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে কোন নির্দেশ দিয়েছি বলে আমার জানা নেই। আমি সর্বোচ্চ কমান্ডের নির্দেশে চলি।

তিনি আরো বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, ফোরামের সম্মেলন আয়োজন অথবা স্থগিত করতে এবং ফোরামের সভাপতি নির্বাচিত হওয়া অথবা তা থেকে পদত্যাগ করা সংক্রান্ত কোন নির্দেশ দলের হাই কমান্ড থেকে দেওয়া হয়নি।