২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের দিনে অফিস করেছেন সিইসিসহ সকল নির্বাচন কমিশনার

একতরফাভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে দু’জন নির্বাচন কমিশনার নিয়োগের প্রতিবাদে ডাকা রোববারের হরতালের দিনে অফিস করেছেন নবনিযুক্ত ওই দুই কমিশনার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

 প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নতুন ও পুরাতন চার কমিশনারের সকলেই কমিশন সচিবালয়ে উপস্থিত ছিলেন ।

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ গত ১৬ জানুয়ারি বিচারপতি মাহফুজুর রহমান ও নির্বাচন কমিশন সচিব সম জাকারিয়াকে  নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন। প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল ওই দুজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রোববারের হরতাল ডাক দেয়।  এছাড়াও প্রধান বিরোধী দল নতুন দুজন নির্বাচন কমিশনারের নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাখান করে।

রোববার হরতালের দিনে সকাল নয়টার আগেই অফিসে পৌঁছান প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এম এ আজিজ।

এর পরপরই নবনিযুক্ত দুই কমিশনার অফিসে প্রবেশ করেন বলে কমিশন সূত্র জানায়।

পুরোনো দুই কমিশনার একে মোহাম্মদ আলী ও এম মুন্সেফ আলীও অফিস করেন।

তবে কমিশন সূত্র জানায়, নতুনদের সাথে পুরাতন কমিশনারদের সৌজন্য সাক্ষাত এখনো অনুষ্ঠিত হয় নি। পুরোনো দুই কমিশনার অপেক্ষা করছেন ঐতিহ্য অনুযায়ী নতুনরা তাদের কাছে এসে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তবে নবনিযুক্ত দুই কমিশনার  সিইসি’র কক্ষে দীর্ঘ সময় কাটান। তাদের সঙ্গে ছিলেন সহকারি সচিব ফরহাদ হোসেন।

দুুই নির্বাচন কমিশনারের মতভিন্নতা সত্ত্বেও ১৯ জানুয়ারি বিশেষ বৈঠকে ভোটার তালিকা বিষয়ক রায়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে আপিল করার সিদ্ধান্ত নেয়।

এছাড়াও ভোটার তালিকায় সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে উদ্দেশ্য প্রনোদিত ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করে রোববার একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।