২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের ৪র্থ ‘ভোট বিপ্লব’ বার্ষিকী শনিবার পালিত হচ্ছে

ক্ষমতাসীন চার দলীয় জোট সরকার ১ অক্টোবর (শনিবার) আওয়ামী লীগের ‘অপশাসনের’ বিরুদ্ধে তাদের ‘ভোট বিপ্লব’র চতুর্থ বাষিকী পালন করতে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

দিবসটি পালন উপলক্ষে জোট সরকারের প্রধান দল বিএনপি সারাদেশে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

খালেদা জিয়ার নেতৃত্বে দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের চার বছরে এবারই প্রথম তারা উৎসবের মধ্য দিয়ে দিবসটি পালন করছে।

দিবস পালন উপলক্ষে বিএনপি সকল উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মিছিল সমাবেশের আয়োজন করবে।

কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৪টায় নগরীর মুক্তাঙ্গণে মহাসমাবেশ করবে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

২০০১ সালের এই দিনের সাধারণ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে পরাজিত করে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বিডিনিউজকে বলেন, অনেক বাধা সত্ত্বেও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় আমরা শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগসহ অনেক ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছি।

যারা দেশকে ‘অকার্যকর রাষ্ট্র’ হিসেবে প্রমান করতে চায়, তিনি তাদের কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

মন্ত্রী বলেন, তবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে কেউই সফল হবে না। কেননা জনগণকে সাথে নিয়ে বিএনপি সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।

বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু বলেন, ভোট বিপ্লব দিবস পালনের মাধ্যমে আমরা জনগণকে আওয়ামী লীগের অপশাসনের কথা স্মরণ করিয়ে দিতে চাই।

তিনি বলেন, আগামী নির্বাচনে আমাদের বিজয় ছিনিয়ে নিতে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার জন্য সকল নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে জোটের শরিক জামায়াতে ইসলামী বাংলাদেশও শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে মহাসমাবেশ করবে।