ইনকিলাব সম্পাদকের প্রাণনাশের চেষ্টার নিন্দা জানিয়েছেন শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরে ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিনের প্রাণনাশের চেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
বুধবার এক বিবৃতিতে এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর সরকারের আশ্রয়পুষ্ট সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত ১৪ জন সাংবাদিক নিহত এবং সাত শতাধিক সাংবাদিককে শারীরিক নির্যাতন, মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে অত্যাচার নির্যাতন ভোগ করতে হয়েছে। মঙ্গলবার দৈনিক ইনকিলাব সম্পাদকের ওপর হামলা তারই ধারাবাহিকতা।
শেখ হাসিনা বলেন, দৈনিক ইনকিলাবের মতো একটি জাতীয় দৈনিকের সম্পাদকের প্রাণনাশের চেষ্টার ঘটনাই প্রমাণ করে এ সরকারের আমলে সাংবাদিকদের জীবন নানাভাবে হুমকি ও ঝুঁকির সম্মুখীন।
তিনি বলেন, দেশে অবাধ তথ্য প্রবাহ ও গণমাধ্যমে স্বাধীন মত প্রকাশের কোনও সুযোগ নেই।
