বরিশালের হিজলায় বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০
বরিশালের হিজলা উপজেলা বিএনপি’র কমিটি বাতিলের দাবিতে ডাকা হরতালে বুধবার এক গ্রুপের ওপর অপর গ্রুপের হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
এসময় চারটি দোকান ভাংচুর ও লুটপাট হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিএনপির বিদ্রোহী গ্রুপের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে চারদলীয় ঐক্য জোটের আহবায়ক আনোয়ার হোসেনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে মিছিলোত্তর সমাবেশ শেষে নেতাকর্মীরা রুপমহল সিনেমা হলের দিকে যাত্রা করে। এসময় সাংসদ মোশারফ হোসেন মঙ্গুর সমর্থকরা তাদের উপর হামলা চালায়। প্রায় এক ঘন্টা ধরে সংঘর্ষ চলে।
তাদের হামলায় জাহাঙ্গীর, সামাদ, নারায়ণ ঘোষ ও সেকান্দারের দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে হিজলা-মুলাদী এবং হিজলা-হরিনাথপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত বিএনপির নবগঠিত কমিটি বিলুপ্তির দাবিতে বিদ্রোহী গ্রুপ মঙ্গলবার হিজলায় হরতালের ডাক দেয়।
