মোহাম্মদ হানিফকে নিয়ে দলে টানাপোড়েন, হাইকমাণ্ড বিরক্ত
আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও দলের ঢাকা মহানগর সভাপতি সাবেক মেয়র মোহাম্মদ হানিফকে নিয়ে দলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। তবে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত রয়েছেন।
বৃহস্পতিবার ধর্ম নিরপেক্ষতা ও মৌলবাদ সম্পর্কে তার দেওয়া বক্তব্য একটি দৈনিক পত্রিকায় প্রকাশের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে এ নিয়ে আলোচনা হচ্ছে। দলীয় প্রধান শেখ হাসিনা মোহাম্মদ হানিফের এ বক্তব্য ও করণীয় নিয়েও দলের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন।
শেখ হাসিনার ঘনিষ্ট একটি সূত্র শুক্রবার বিডিনিউজকে জানান, বিষয়টি নিয়ে আওয়ামী লীগ হাইকমাণ্ড বিরক্ত। মোহাম্মদ হানিফের বক্তব্য ও সাম্প্রতিক কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আসলে ‘কী করতে চাচ্ছেন’-এ প্রশ্নেরও জবাব খোঁজার চেষ্টা করছে হাইকমাণ্ড। দলকে বেকায়দায় ফেলতে এটি কোনও পদক্ষেপ কী না, সেটিও ভাবা হচ্ছে।
সূত্র জানান, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। আগামী সোমবার এ সভা অনুষ্ঠিত হতে পারে।
প্রেসিডিয়াম সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে পরে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের (ওয়ার্কিং কমিটি) সভায় বিস্তারিত আলোচনা হবে বলেও সূত্র জানায়।
‘আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করিনা’ এবং ‘মৌলবাদ বিরোধী নই’ এ বক্তব্য দিয়ে মোহাম্মদ হানিফ দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছেন। যদিও আওয়ামী লীগের ঘোষণাপত্রে ধর্ম নিরপেক্ষতার কথা রয়েছে। কিন্তু মোহাম্মদ হানিফ চাচ্ছেন ঘোষণাপত্র থেকে এ শব্দটি পরিবর্তন করতে।
শুক্রবার তিনি বিডিনিউজকে জানান, দলীয় ফোরামে তিনি এ বিষয়টির পক্ষে ব্যাখ্যা দেবেন এবং তার পক্ষে মত আনতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
অবশ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে বলেন, সকল ধর্মের মানুষের ধর্ম পালনে স্বাধীনতার কথা ‘ধর্ম নিরপেক্ষতা’র ব্যাখ্যাতেই রয়েছে। তবে এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি।
