২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ বছর বয়সে ভারতের প্রধানমন্ত্রী হতে পারতাম, হইনি : রাহুল গান্ধি

ভারতীয় কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধির ছেলে রাহুল গান্ধি বলেছেন, তিনি ২৫ বছর বয়সে ভারতের প্রধানমন্ত্রী হতে পারতেন। কিন্তু এমন প্রস্তাবের বিপক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 07:02 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

তেহেলকা নিউজপেপারে প্রকাশিত এক সাক্ষাৎকারে রাহুল গান্ধি এ কথা বলেন। সাক্ষাৎকারে তিনি পার্টিতে সাহস ও সৃজনশীলতার অভাব নিয়ে হতাশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আমি চাইলে ২৫ বছর বয়সে প্রধানমন্ত্রী হতে পারতাম। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, ওই ফ্যাশন আমি করবো না। সিনিয়রদের ডিঙিয়ে আমি কিছু করতে চাইনি।

আমেথিতে দেওয়া সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী রাহুল গান্ধি পার্টির চলমান সমস্যার কথা খোলামেলা ভাবে তুলে ধরেন। তিনি বলেন, আমার মধ্যে ব্যর্থ হওয়ার একটা ভয় কাজ করে। জনগণ তখন পেয়ে বসবে, বলতে শুরু করবে এটা ভুল হচ্ছে, ওটা কাজ করেনি ইত্যাদি।

তিনি আরও বলেন, ভিন্ন পথ থেকে যা কিছু ঘটতে পারে সে ব্যাপারে আমি প্রস্তুত রয়েছি। আমি এটা বুঝেছি যে সব সময়ই আমি যেভাবে ভাবছি সেভাবে সব কিছু ঘটবে না। পূর্ণাঙ্গ একজন রাজনীতিবিদ হয়ে উঠতে গুটিকয়েক নির্বানে আমাকে হারতেও হতে পারে।