২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী হামলায় নিহতদের স্ত্রী সন্তানরা শেখ হাসিনাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এসে সন্ত্রাসী হামলায় একান্ত স্বজন হারানো মানুষ কান্নায় ভেঙ্গে পড়লেন। এসময় তিনিও হয়ে পড়েন আবেগাপ্লুত, অশ্রুসিক্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 03:06 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সন্ত্রাসী হামলায় নিহত টঙ্গির শ্রমিক নেতা আসাদুজ্জামান সিরাজ’র বিধবা স্ত্রী পারভিন বেগম ও তিন শিশু কন্যা মলি, পলি, ছবি এবং টঙ্গি মধুমিতা গার্লস স্কুল ইউনিট আওয়ামী লীগ সম্পাদক জালাল আহমদ’র বিধবা স্ত্রী ফাতেমা বেগম ও তিন শিশু সন্তান রাসেল, রিমি ও ঝিমিসহ স্বজনরা মঙ্গলবার এসেছিলেন সুধাসদনে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে।

তারা শেখ হাসিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। পিতাহারা শিশুদের কোলে টেনে নিয়ে তাদের সমবেদনা জানান তিনি। সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ওই দুই সংসার যে কী কষ্টে চলছে, তা শুনে শেখ হাসিনাসহ উপস্থিত সকলেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।

নিহতদের স্বজনদের দেখিয়ে আওয়ামী লীগ প্রধান প্রশ্ন করেন, কী এদের অপরাধ? এতো লোক মেরে ফেলে, এতো পরিবারকে কাঁদিয়ে ওরা কী পাবে? প্রধানমন্ত্রী আর কতো লাশ চান? আর কতো রক্ত চান তিনি? আর কতো রক্ত নিলে তার তৃপ্তি মিটবে?

তিনি বলেন, ক্ষমতার স্বার্থে তারা মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলছে। দেশের মানুষের অর্থ সম্পদ লুট করে নিজেদের ভাগ্য ফেরাচ্ছে। আর সাধারণ মানুষের ভাগ্যকে করছে বিড়ম্বিত।

শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী তার পুত্রকে দিয়ে ঘুষ, দুর্নীতি, বোমা হামলা, হত্যা-খুনসহ যতো রকমের ‘বদকাম’ আছে, সবই করাচ্ছেন। সারা দেশে তারা খুনের রাজত্ব কায়েম করেছে। দেশকে কোথায় নিয়ে যাচ্ছে তারা?

তিনি বলেন, সরকার আওয়ামী লীগের জনপ্রিয় নেতা এবং ভালো সংগঠকদের তালিকা তৈরি করে একের পর হত্যা করছে। এখন আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতার করে মেরে ফেলার নতুন পরিকল্পনা হয়েছে বলে খবর পেয়েছি। বোমা হামলা আর মানুষ খুনের সকল পরিকল্পনা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় হাওয়া ভবনে। মানুষ খুন করে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বানিয়েছে তারা।

শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট সরকার একদিকে জিনিসের দাম বাড়িয়ে মানুষের ওপর অত্যাচার করছে। অন্যদিকে মানুষ খুন করছে। ওদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সাপ্তাহিক ছুটি দু’দিন করার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে শেখ হাসিনা মন্তব্য করেন-‘সেই তো নথ খসালি, তবে কেনো লোক হাসালি’!

সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন দু’দিন ছুটি করেছিলাম, তখনতো সচিবালয়ে ওরা মিছিল করেছিলো, আন্দোলন করেছিলো। এখন দু’দিন ছুটি করে কী হবে? বিএনপি জামাত জোটতো দেশটাই শেষ করে দিয়েছে।

এসময় স্থানীয় দুই সাংসদ অ্যাডভোকেট রহমত আলী, জাহিদ আহসান রাসেল এবং আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান, হাবিবুর রহমান সিরাজ ও হাজী মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।

শ্রমিক নেতা আসাদুজ্জামান ১৭ আগস্ট সন্ধ্যায় টঙ্গীতে সন্ত্রাসীদের গুলিবিদ্ধ হয়ে ২৪ আগস্ট মারা যান। জালাল আহমেদ টঙ্গীতে আরেক সন্ত্রাসী ঘটনায় ৫ জুলাই গুলিদ্ধি হয়ে ১৫ জুলাই মারা যান।