২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের আবারও মূল্যবৃদ্ধিতে শেখ হাসিনার প্রতিবাদ, উদ্বেগ

জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ানো এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ইতোপূর্বে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধিতেই কৃষকের অবস্থা কাহিল হয়েছে। আবার এর মূল্য বৃদ্ধি মানে কৃষক ও নিুআয়ের মানুষকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সামিল। 

শেখ হাসিনা বলেন, গত চার বছরে সারের দাম দেড় থেকে দু’গুণ বৃদ্ধি করা হয়েছে। সার, কীটনাশক, ডিজেল, বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে কৃষি উপকরণের ব্যয় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যয্য মূল্য পায় না। মধ্যস্বত্বভোগী আর জোট সরকারের ক্যাডারদের লুটপাটের কারণে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। কৃষিজাত পণ্যের মূল্য খোলা বাজারে বৃদ্ধিতে কৃষক কোনোভাবেই লাভবান হয়নি। বরং কৃষক উৎপাদিত পণ্য বিক্রি করে পানির দামে। আর যখন কিনতে যায়, তখন অগ্নিমূল্যে কিনতে হয়। 

তিনি বলেন, দ্রব্যমূল্য, আইন শৃংখলা পরিস্থিতিসহ দেশের কোনো কিছুর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের আগ্রহ শুধু দেশ ও জনগণের সম্পদের দিকে।

আওয়ামী লীগ প্রধান বলেন, যে সরকার দ্রব্যমূল্য, আইন শৃংখলা নিয়ন্ত্রণ করতে পারে না, সে সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জোট সরকারের দুঃশাসনে দেশে শুধু দ্রব্যমূল্যই বেড়েছে। মানুষের কর্মসংস্থান ও আয় বাড়েনি। ফলে দৈনন্দিন জীবন যাত্রার ব্যয়ভার হু হু করে বেড়েই চলেছে। ফলে দেশের মানুষ সীমাহীন দুঃখ কষ্টে পড়েছে। শেখ হাসিনা তার ভাষায় ব্যর্থ, অযোগ্য ও লুটেরা সরকারের অপকর্ম ও দুঃশাসনের বিরুদ্ধে গড়ে তুলতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।