সংরক্ষিত নারী আসনে নির্বাচন : দাখিল করা ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ
যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশন রোববার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য ক্ষমতাসীন জোটের তিন দল ও জাতীয় পার্টির ৩৬ প্রার্থীর দাখিল কর মনোনয়নপত্রের সবক’টি বৈধ বলে ঘোষণা করেছে।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ইসি’র যুগ্মসচিব মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের বলেন, প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে আমরা দেখতে পাই, সবক’টি মনোনয়নপত্রই সঠিক ও বৈধ।
মনোনয়নপত্র বাছাইয়ের জন্য নির্ধারিত দিন ছিল রোববার। আর মনোনয়নপত্র পত্যাহারের শেষ তারিখ এক সেপ্টেম্বর।
মনোনয়নপত্র দাখিলের শেষ পর্যায়ে বিএনপি’র এক প্রার্থীর মনোনয়নপত্র পরিবর্তনের মধ্য দিয়ে শনিবার জাতীয় সংসদে সংরক্ষিত ৪৫টি নারী আসনের জন্য ক্ষমতাসীন জোটের তিনটি দল ও জাতীয় পার্টির প্রার্থীরা তাদের জন্য বরাদ্দ ৩৬টি আসনের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেন।
আসনগুলোর মধ্যে বিএনপি ৩০টি, জামায়াতে ইসলামী তিনটি, জাতীয় পার্টি (এরশাদ) দুটি এবং বাংলাদেশ জাতীয় পার্টি একটি আসনে মনোনয়নপত্র দাখিল করে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ আগেই জানিয়েছে, এ নির্বাচনে তারা অংশ নেবে না। তাই তাদের জন্য বরাদ্দ নয়টি আসনে মনোনয়নপত্র জমা পড়েনি।
এদিকে আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ না নেওয়ায় নির্বাচন কমিশন আগামী ৬ সেপ্টেম্বরের নির্বাচনের পর তাদের জন্য বরাদ্দ নয়টি আসনে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুনরায় তফসিল ঘোষণা করবে।
যুগ্মসচিব মোহাম্মদ জাকারিয়া বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না ঘোষণা করায় তাদের আসনগুলো সকল দলের জন্যই উন্মুক্ত থাকবে। এ নির্বাচনের পর ২১ কর্মদিবসের মধ্যে আমরা ওই আসনগুলোতে নির্বাচনের জন্য পুনরায় তফসিল ঘোষণা করব।
তবে বড় দল হিসেবে আওয়ামী লীগের নয়টি আসনই পাবে বিএনপি।
